২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের ধারা পুঁজিবাজারে

টানা দরপতন শুরু হয়েছে দেশের দুই পুঁজিবাজারে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2018, 05:19 PM

Updated : 11 Oct 2022, 12:07 PM

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক পরপর চার দিন পতনের ধারায় রয়েছে।

মঙ্গলবার ডিএসইএক্স ৩১ পয়েন্ট বা দশমিক ৫২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫৯০৯ পয়েন্টে। গত চার কাযদিবসে ডিএসইএক্স ১৯৩ পয়েন্ট বা তিন দশমিক ১৬ শতাংশের বেশি কমেছে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ১১০ পয়েন্ট কমে হয়েছে ১৮ হাজার ২৫৭ পয়েন্ট।

ডিএসইতে এদিন লেনদেন শুরু হয়েছিল চাঙাভাবেই; লেনদেন শুরুর ১৫ মিনিট পর সূচক ৪৩ পয়েন্ট বেড়ে গিয়েছিল। এরপর কিছুটা কমে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেও পারেনি।

দুই ঘণ্টার লেনদেন শেষে বেলা সাড়ে ১২টা থেকে সূচক টানা পড়তে শুরু করে এবং বাকি দুই ঘণ্টার লেনদেনে সমান্তরালভাবে সূচক নেমে আসে।

বাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড এদিন দর হারিয়েছে।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ১৯১টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ার দর।

হাতবদল হয়েছে ৩৯১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের দিনের চেয়ে ১৪ কোটি টাকা বেশি।   

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৩৭টির; অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ার দর।

সূচক পতনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে গ্রামীণফোনের শেয়ার। সবচেয়ে বড় বাজার মূলধনের এ কোস্পানির শেয়ার প্রায় তিন শতাংশ বা ১৪ টাকা ৭০ পয়সা দর হারানোয় ডিএসইএক্স ৩১ দশমিক ৪৮ পয়েন্ট কমেছে বলে বাজার পর্যালোচনাকারী একটি ওয়েবসাইট থেকে জানা গেছে।

এছাড়া বড় মূলধনের আইসিবি, স্কয়ার ফার্মা, বার্জার, ব্র্যাক ব্যাংকের দর কমাও সূচকে বড় ধরনের নেতিবাচক প্রভাব সৃষ্টি করেছে।

ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে- ইউনিক হোটেল, গ্রামীণফোন, স্কয়ারফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স ও ফুওয়াং ফুডস।

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে- রেনউইক যজ্ঞেশ্বর, অ্যাপেক্স ফুডস, অ্যাপেক্স স্পিনিং, তাকাফুল ইন্সুরেন্স ও ফার্মাএইড। দর হারানোর শীর্ষে রয়েছে- আরএকে সিরামিক, বঙ্গজ, ফাইন ফুডস, সোনারগাঁও ও সাভার রিফ্র্যাক্টরিজ।

গত একমাসের মধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকে ওঠানামা করছে বড় ব্যবধানে; কোনোদিন সূচক উত্থানের রেকর্ড হচ্ছে, আবার কোনো দিন হচ্ছে পতনের রেকর্ড।

কিছুদিন ধরে মুদ্রানীতি, ব্যাংকের ঋণ-আমানত অনুপাত (এডিআর) কমানো, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায়ের কারণ দেখানো হলেও সাম্প্রতিক অস্থিরতার পেছনে নতুন করে ডিএসইর কৌশলগত অংশীদার নেওয়া নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে টানাপড়েনের খবরকে দায়ী করা হচ্ছে।

ডিএসই পরিচালনা পর্ষদ চীনের শেনচেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়ামকে কৌশলগত অংশীদার করার অনুমোদন দেওয়ার পরের দিন গত সপ্তাহের রোববার ডিএসইএক্স ২১ মাসের মধ্যে সর্বোচ্চ বৃদ্ধি পায়।

এরপর বাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ডিএসইর অনুমোদনকে মানবে না- বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত এমন খবরকে কেন্দ্র করে বৃহস্পতিবার থেকে টানা পতন শুরু হয়েছে।

যদিও এর মধ্যেই শেনচেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়ামকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে ডিএসই পরিচালনা পর্ষদ।