২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে গতি ফেরাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ‘দরকার’

পুঁজিবাজারে দরপতনের জন্য রাজনৈতিক অস্থিরতার শঙ্কার পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ‘সক্ষমতা কমাকে’ দায়ী করেছে পুঁজিবাজার সংশ্লিষ্ট দুটি সংগঠন। আর যাতে দরপতন না হয় সেজন্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগের প্রয়োজনীয়তার কথা বলেছে তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 09:10 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

প্রায় তিন বছরের মধ্যে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে সবচেয়ে বড় ধসের পর জরুরি শীর্ষ ৩০ ব্রোকারেজ হাউজের প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)।

বৈঠকে শেষে ডিবিএ সভাপতি মোস্তাক আহমেদ সাদেক সাংবাদিকদের বলেন, “পুঁজিবাজারে এখন যে পতন হচ্ছে তার কারণ দেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল হওয়ার আশঙ্কা। তবে অতীতে যখন এ ধরনের অবস্থা হয়েছিল, তখন কিন্তু পুঁজিবাজারে এত পতন ঘটেনি।

“এবার আমরা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সাহায্য পাচ্ছি না। সমস্যা সমাধানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পুঁজিবাজারে বিনিয়োগ সক্ষমতা বাড়াতে হবে।”

সপ্তাহের প্রথম দিন রোববার দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩৩ পয়েন্ট বা ২ দশমিক ২১ শতাংশ কমে ৫ হাজার ৮৮৮ পয়েন্টে অবস্থান করছে। এদিন হাতবদল হওয়া ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৩০২টির দর কমেছে, দর বেড়েছে ২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির।

এর আগে ২০১৫ সালের ২৬ এপ্রিল ডিএসইএক্সের সর্বোচ্চ পতন হয়। সেদিন এই সূচক ২ দশমিক ৩৩ শতাংশ কমে ৪ হাজার ৯৪ পয়েন্টে নামে। গত ছয় কার্যদিবসের মধ্যে পাঁচ দিনই ডিএসইএক্স কমেছে প্রায় ৩২৭ পয়েন্টের বেশি। গত একমাসে সূচক কমেছে ৩৮০ পয়েন্ট।

ব্যাংক আমানত-ঋণের (এডি) অনুপাত কমানো ও মুদ্রানীতি ঘোষণা নিয়ে মাসখানেকের বেশি সময় ধরে বাজার ধুঁকছিল।

এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়ের দিন ঠিক হওয়ায় রাজনৈতিক অবস্থা নিয়ে অনিশ্চয়তার মধ্যে বাজারের পতন তরান্বিত হয়েছে।

মোস্তাক আহমেদ সাদেক বলেন, “এর আগে পুঁজিবাজারে সাপোর্ট দিতে আমরা সরকারি কোম্পানি আইসিবিকে বরাবরই শক্তিশালী অবস্থান নিতে দেখেছি। তবে খোদ আইসিবিকেই যদি দুর্বল করে রাখা হয় তাতে সাপোর্ট লেভেলও দুর্বল হয়ে যাবে।”

বিএমবিএ সভাপতি মুহাম্মদ নাছির উদ্দিন চৌধুরী বলেন, “প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগে যেসব সমস্যা তৈরি হয়েছে সেগুলো সমাধান করতে হবে। না হলে আপনারা দেখতে পাবেন পুঁজিবাজার একটু ভালো হবে, আবার পেছনে ফিরে যাবে।”

পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগকে বাজার দরে হিসাব না করে ক্রয় মূল্যে হিসাব করার পরামর্শ দেন তিনি। এছাড়া বন্ড, ডিবেঞ্চার অথবা আনলিস্টেড সিকিউরিটজে বিনিয়োগও ব্যাংকের পুঁজিবাজারে বিনিয়োগের মধ্যে হিসাব না করার পক্ষে মত তার।

এসব প্রস্তাব নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠানো হবে বলে জানান তিনি।

“আমরা বাজারকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল করতে চাই। সাময়িক সাপোর্ট দিয়ে বাজারকে ইতিবাচক করা সঠিক সমাধান নয়,” বলেন বিএমবিএ সভাপতি।