২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিবাচক সূচক দিয়ে নতুন বছর শুরু

চাঙাভাবে গতবছর পার করার পর নতুন বছরও ইতিবাচকভাবেই শুরু হয়েছে দেশের প্রধান পুঁজিবাজারের লেনদেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2018, 06:06 PM

Updated : 11 Oct 2022, 11:57 AM

নতুন বছরের প্রথম দিন সোমবার বাংলাদেশের পুঁজিবাজারে লেনদেন কমলেও মূল্যসূচক খানিকটা বেড়েছে।

এর মধ্যে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে প্রায় ৪০ শতাংশ; প্রধান সূচক বেড়েছে ১০ পয়েন্টের মতো।

সোমবার ডিএসইর ডিএসইএক্স সূচক দশমিক ১৬ শতাংশ বা প্রায় ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ২৫৪ পয়েন্টে।

তবে আগের দিনের তুলনায় ৪০ শতাংশের বেশি লেনদেন কমে হয়েছে ৩৭৪ কোটি টাকা।

২০১৭ সালে ডিএসইএক্স ২৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ছয় হাজার ২৪৪ পয়েন্টে। আগের বছরের তুলনায় লেনদেন ৮২ শতাংশ বেড়ে বিদায়ী বছরে মোট লেনদেন হয় দুই লাখ ১৬ হাজার ৯৫৯ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

দেশের পুঁজিবাজারের ইতিহাসে গত বছরের বাজারকে ‘অন্যতম ভাল’ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডিএসই ব্যবস্থাপনা পরিচালক এম মাজেদুর রহমান বলেন, “দীর্ঘ সময় পেরিয়ে ২০১৭ সালে দেশের পুঁজিবাজার এক নতুন মাত্রায় পৌঁছে।”

নতুন বছরেও ‘টেকসই প্রবৃদ্ধি ধরে রেখে সামনে এগুনোই’ মূল্য লক্ষ্য বলে জানান তিনি।

নতুন বছরের প্রথম দিনের শুরুতেই তেজিভাবে শুরু হয় লেনদেন। প্রথম ১০ মিনিটেই সূচক প্রায় ২০ পয়েন্ট বেড়ে যায়। একঘন্টার লেনদেনে শেষে সূচক নেতিবাচক অবস্থায় চলে আবার ঘুরতে শুরু করে। এভাবে সারাদিন ওঠানামার মধ্যদিয়ে প্রায় ১০ পয়েন্ট যোগ করে দিন শেষ করে।

লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।

হোলসিমের সঙ্গে একীভূত হওয়ার অনুমোদনের খবরের পর থেকে লাফার্জ সুরমার শেয়ারের লেনদেন ও দরে বৃদ্ধিতে চাঙ্গাভাব রয়েছে।

বছরের প্রথম দিনেও ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এ কোম্পানির শেয়ার; যদিও এদিন দশমিক চার শতাংশ মূল্য হারিয়েছে। এরপরেই লেনদেনের শীর্ষে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল, বেক্সিমকো লিমিটেড, ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।

লেনদেনে বড় মূলধনী কোম্পানির শেয়ারের আধিপত্য থাকলেও দর বৃদ্ধির শীর্ষে দেখা গেছে দুর্বল মৌলভিত্তি কোম্পানির শেয়ার।

এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে রয়েছে- ড্রাগন সোয়েটার, দুলামিয়া কটন, মেঘনা পেট, মেট্রো স্পিনিং ও কে অ্যান্ড কিউ।

দর হারানোর শীর্ষে রয়েছে- তুংহাই নিটিং। কোম্পানিটি সোমবারই এ ক্যাটগরি থেকে জেড ক্যাটগরিতে নেমে গেছে। এশিয়া ইন্স্যুরেন্স, নর্দার্ন, বিচ হ্যারারিচ ও সদ্য ওটিসি থেকে মূল বাজারে আসার আলি ইন্ডাস্ট্রিজ।

২০১৭ সালে বেসরকারি বানিজ্যিক ব্যাংকগুলোর মুনাফা ভাল এসেছে এমন খবরে ব্যাংকের শেয়ার চাহিদা বেড়েছে। লেনদেনের শীর্ষে থাকা ২০ কোম্পানির মধ্যে ১১টিই ব্যাংক খাতের। বাজারের মোট লেনদেনের ৩২ শতাংশ হয়েছে এ খাতে।

১৭ শতাংশ লেনদেন হওয়া বস্ত্র খাত রয়েছে দ্বিতীয় অবস্থানে এবং ১০ শতাংশ লেনদেন নিয়ে তুতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত।  

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএএসপিআই ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯৩৫৮ পয়েন্টে।

লেনদেন হওয়া ২১৮টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।