কম দামে হাতবদল সিঅ্যান্ডএ টেক্সটাইলের দেড় কোটি শেয়ার
ব্লক মার্কেটে বাজার দরের চেয়ে কমে সিঅ্যান্ডএ টেক্সটাইলের দেড় কোটি শেয়ার লেনদেন হয়েছে।
রোববার তিনটি লেনদেনে ১৫ কোটি টাকায় এ শেয়ার হাতবদল হয় বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে।
এদিন ডিএসইতে সিএনএ টেক্সটাইলের শেয়ার লেনদেন হয়েছে ১১ টাকা থেকে ১১ টাকা ৭০ পয়সার মধ্যে; ১১ টাকা ২০ পয়সায় লেনদেন শেষ হয়েছে। ব্লক মার্কেটে কোম্পানিটির শেয়ার হাতবদল হয়েছে ১০ টাকা দরে।
রোববার ব্লক মার্কেটে আরও পাঁচটি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে; যার মূল্য পাঁচ কোটি টাকার বেশি।
১১৩ টাকা ৭০ পয়সা দরে একমি ল্যাবের আড়াই লাখ শেয়ার দুটি লেনদেনের মাধ্যমে হাতবদল হয়েছে; যার মূল্য দুই কোটি ৮৪ লাখ টাকা। একটি লেনদেন এককোটি ২৫ লাখ টাকায় যমুনা ব্যাংকের পাঁচ লাখ শেয়ার হাতবদল হয়েছে।
এছাড়া দুটি লেনদেনে এসিআইয়ের ১০ হাজার শেয়ার হাতবদল হয়েছে ৫৮২ টাকা দরে, ইস্টার্ন ব্যাংকের ৮৯ হাজার ৩৬৪টি শেয়ার লেনদেন ৪৯ টাকা ৫০ পয়সা দরে।
দুটি লেনদেনে শাহজালাল ব্যাংকের এক লাখ শেয়ার লেনদেন হয়েছে ২৬ টাকা ৪০ পয়সা দরে এবং একটি লেনদেনে ইসলামী ব্যাংকের ৩০ হাজার শেয়ার হাতবদল ৩৮ টাকা ১০ পয়সা দরে।
