২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন কমেছে পুঁজিবাজারে

উঠানামার মধ্য দিয়ে সূচক ইতিবাচক রেখেই সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2017, 03:18 PM

Updated : 19 Aug 2022, 05:43 PM

তবে রোববার ডিএসইর সঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমেছে; দিন শেষে নেতিবাচক অবস্থানে চলে গেছে সিএসইর সূচক। 

এদিন ডিএসইর প্রধান সূচক সূচক ডিএসইএক্স তিন পয়েন্ট ছয় হাজার ২০৫ পয়েন্ট উঠেছে; গত দিনের চেয়ে লেনদেন চার কোটি টাকা কমে একহাজার ৫৪ কোটি টাকায় নেমেছে।

সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৪৩ পয়েন্ট কমে নেমেছে ১৯ হাজার ২৫৩ পয়েন্টে; লেনদেন হয়েছে ৫০ কোটি টাকা বেশি, যা গত দিনের চেয়ে প্রায় ১১ কোটি টাকা কম।

গত সপ্তাহে লেনদেনে ব্যাংক খাতের দাপটের পর রোববার চাঙ্গাভাবে দিন শুরু করে দেশের দুই পুঁজিবাজার। বেলা সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইএক্স ১৪ পয়েন্টের বেশি বাড়ে। একই সময়ে সিএএসপিআই ৩৩ পয়েন্টের বেশি যোগ হয়। তবে দিনের শেষ ভাগে বিক্রির চাপ বেড়ে যাওয়ায় সূচক নেমে আসে। 

গত কয়েকদিনের ধারাবাহিকতায় রোববারও দেশের দুই বাজারে লেনদেনে ব্যাংক খাতের আধিপত্য দেখা গেছে; যদিও দুই বাজারেই এ খাতের বেশিরভাগ শেয়ারের দরই কমেছে। 

গেল সপ্তাহে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতে, যা মোট লেনদেনের অর্ধেকের বেশি।

২ থেকে ৫ অক্টোবর পুরো সপ্তাহে ব্যাংক খাতে প্রতিদিন গড়ে ৪৬৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যেখানে প্রতিদিনের গড় লেনদেন ৯১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। শতকরা হিসাবে ডিএসইতে মোট লেনদেনের ৫২ শতাংশই হয়েছে ব্যাংক খাতের। 

রোববার সকাল থেকেই লেনদেনে ব্যাংক খাতের আধিপত্য দেখা যায়। 

ডিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে- ইসলামী ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, এনবিএল, এক্সিম ব্যাংক, উত্তরা ব্যাংক, আমরা নেটওয়ার্ক, ইউসিবি, প্রিমিয়ার ব্যাংক, আইডিএলসি ও ইফাড অটোজ। 

সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে- এনবিএল, ইসলামী ব্যাংক, আমরা নেটওয়ার্ক, লংকাবাংলা ফাইন্যান্স, আইডএলসি, ইউসিবি, আইএফআইসি, ইফাড অটোজ, এক্সিম ব্যাংক ও ব্যাংক এশিয়া। 

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে রয়েছে-নর্দার্ন, ইউনাইটেড ইন্সুরেন্স, ফুয়াং ফুড, উত্তরা ব্যাংক, স্টাইলক্র্যাফট, ইসলামী ব্যাংক, ইফাড অটোজ, বিডি ফাইন্যান্স, অ্যাপেক্স ট্যানারি ও প্রিমিয়ার লিজিং। 

দর কমার শীর্ষে রয়েছে- আমরা নেটওয়ার্ক, শেফার্ড, পেনিনসুলা, ঢাকা ইন্সুরেন্স, স্টান্ডার্ড ইন্সুরেন্স, বিবিএস কেবল, বিজিআইসি, আইএসএনএল, বিডিঅটোকারস ও কন্টিনেন্টাল ইন্সুরেন্স। 

চার কাযদিবস আগে তালিকাভূক্ত হওয়া আমরা নেটওয়ার্কের শেয়ারের দর ‘অস্বাভাবিক’ বাড়তে থাকায় এর পেছনে অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনও তথ্য আছে কি না তা জানতে চেয়েছে ডিএসই। 

জবাবে কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে, অপ্রকাশিত মূল্য সংবেদনশীল কোনও তথ্য তাদের কাছে নেই। রোববার কোম্পানিটির শেয়ারের প্রায় ছয় শতাংশ দর কমে লেনদেন শেষ হয়েছে ১৩৬ টাকায়।

পুরনো খবর:

ঊর্ধ্বমুখী ধারায় লেনদেন পুঁজিবাজারে