ইউসিবিএলের ২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা উদ্যোক্তার
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এক উদ্যোক্তা তার হাতে থাকা ব্যাংকটির দুই কোটির বেশি শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়েছে, ইউসিবিএলের উদ্যোক্তা নুর নাহার জামান দুই কোটি ১০ লাখ ৮৩ হাজার শেয়ার বিক্রি করবেন।
৩১ অক্টোবরের মধ্যে স্টক এক্সচেঞ্জের মাধ্যমে বাজার দরে ব্লক মার্কেটে তিনি এ শেয়ার বিক্রি করবেন।
নুর নাহারের কাছে ব্যাংকটির দুই কোটি ৭২ লাখ ৭৬ হাজার ৬৯৬টি শেয়ার রয়েছে। ঘোষণা অনুযায়ী শেয়ারগুলো বিক্রির পর ব্যাংকটির ৬১ লাখ ৯৩ হাজার ৬৯৬টি শেয়ার তার কাছে থাকবে।
এদিকে বৃহস্পতিবার দর বৃদ্ধির পাশাপাশি বড় ভলিউমে লেনদেন হয়েছে ইউসিবিএলের শেয়ার। এদিন ব্যাংকটির শেয়ারের দর বেড়েছে ৪ দশমিক ৫০ শতাংশ এবং হাতবদল হয়েছে ১ কোটি ৩৩ লাখ শেয়ারের।
১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের প্রথম প্রজন্মের বেসরকারি ব্যাংক ইউসিবিএলের উদ্যোক্তা/পরিচালকদের হাতে রয়েছে ব্যাংকটির ৩৭ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে দশমিক ৮১ শতাংশ সরকারের কাছে, ২২ দশমিক ৩৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৯ দশমিক ৮১ শতাংশ রয়েছে।
