২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুর দিনেই আমরা নেটওয়ার্কসের দর বেড়ে আড়াই গুণ

পুঁজিবাজারে লেনদেনের শুরুর দিনেই আমরা নেটওয়ার্কস লিমিটেডের শেয়ারের দর বেড়েছে ১০১ টাকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2017, 09:56 PM

Updated : 19 Aug 2022, 05:40 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারটি উদ্বোধনী দরের চেয়ে ২৫৮ দশমিক ৯৭ শতাংশ বেড়ে সর্বশেষ ১৪০ টাকায় লেনদেন হয়।

বুক বিল্ডিং পদ্ধতিতে বাজারে আসা এই শেয়ারের উদ্বোধনী দর ৩৯ টাকা হলেও ডিএসইতে দিনের লেনদেনের শুরুতেই তা একলাফে ৮১ টাকা ১০ পয়সা উঠে এবং ১৫০ টাকা পর্যন্ত উঠানামা করে।

প্রথম দিনে কোম্পানিটি ২৯ হাজার ৩১৬ বারে ৫৬ লাখ ৯৩ হাজার ৫৯৫টি শেয়ার লেনদেন করে, যার বাজার মূল্য ছিল ৭০ কোটি ৪৬ লাখ টাকা।

আমরা নেটের অনুমোদিত মূলধন রয়েছে ১০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ৫৩ কোটি ৪ লাখ টাকা। পুঁজিবাজারে কোম্পানিটির মোট ৫ কোটি ৩০ লাখ ৪১ হাজার ২০৯টি শেয়ার রয়েছে।

তথ্য প্রযুক্তি খাতের এ কোম্পানিকে গত জুনে শেয়ার ছাড়ার (আইপিও) চূড়ান্ত অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

বুক বিল্ডিং পদ্ধতিতে ‘ইলেকট্রনিক বিডিং’র মাধ্যমে কোম্পানির প্রতিটি ১০ টাকা অভিহিত মূল্যের সাধারণ শেয়ারের কাটিং অব প্রাইস ৩৯ টাকা নির্ধারিত হয়।

শেয়ার ছেড়ে বাজার থেকে ৫৬ কোটি ২৫ লাখ টাকা তুলে কোম্পানির বিএমআরই (আধুনিকায়ন), ডেটা সেন্টার প্রতিষ্ঠা, দেশের বিভিন্ন স্থানে ওয়াই-ফাই হটস্পট প্রতিষ্ঠা করা, আইপিওর কাজ ও ঋণ পরিশোধের কাজে ব্যয় করবে।

২০১৫ সালের নিরীক্ষিত বিররণী অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ২১ টাকা ৯৮ পয়সা। পাঁচ বছরের গড় ইপিএস (শেয়ারপ্রতি আয়) ২ টাকা ৫২ পয়সা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।

আইপিওর দুই ধরনের পদ্ধতি আছে। একটি ফিক্সড প্রাইস পদ্ধতি, অন্যটি হচ্ছে বুক বিল্ডিং পদ্ধতি।

ফিক্সড প্রাইস পদ্ধতিতে সংশ্লিষ্ট কোম্পানি নিজেই শেয়ারের দর প্রস্তাব করে। ওই দর যৌক্তিক মনে করলে অন্যান্য শর্তপূরণসাপেক্ষে কোম্পানির আইপিও অনুমোদন করা হয়।

নিয়ন্ত্রক সংস্থা প্রিমিয়ামের বিষয়ে অনেকটা রক্ষণশীল বলে অনেক কোম্পানি মনে করে তারা শেয়ারের যৌক্তিক মূল্য পাচ্ছে না। কিন্তু বুক বিল্ডিং পদ্ধতিতে এই দর পাওয়ার সুযোগ রয়েছে বলে মনে করা হয়।

কারণ, এই পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশগ্রহণে শেয়ারের মূল্য নির্ধারিত হয়।

পুরনো খবর:

শেয়ার ছাড়ার অনুমতি পেল ‘আমরা নেটওয়ার্কস’