ভালুকায় নতুন কারখানা করছে এসকোয়ার নিট কম্পোজিট
ময়মনসিংহের ভালুকায় ৫৭৭ কোটি টাকায় ‘পরিবেশবান্ধব’ কারখানা করছে এসকোয়ার নিট কম্পোজিট, যার জন্য পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা সংগ্রহ করবে তারা।
শনিবার নারায়ণগঞ্জের কাঁচপুরে এসকোয়ার নিট কম্পোজিটের কারখানা প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) মাধ্যমে এই অর্থ সংগ্রহের জন্য ইতোমধ্যে বুকবিল্ডিং পদ্ধতিতে কোম্পানির শেয়ারের মূল্য নির্ধারণ প্রক্রিয়া শুরু হয়েছে।
কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল মুনাসিংহে বলেন, “বাংলাদেশ ২০২১ সালে তৈরি পোশাক খাতে রপ্তানির পরিমাণ ৫০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে। এই লক্ষ্য অর্জনে আমরা বড় ভূমিকা রাখতে চাই।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভালুকায় নতুন ইউনিটের জন্য কোম্পানির মোট বিনিয়োগ হবে ৫৭৬ কোটি ৬৩ লাখ টাকা।
কর্মকর্তারা জানান, আইএফসির কাছ থেকে নেওয়া ঋণ নতুন কারখানার যন্ত্রপাতি আমদানি ও চলতি মূলধনে ব্যয় হবে।
পুঁজিবাজার থেকে সংগ্রহ করা অর্থের মধ্যে ভবন নির্মাণে ১০০ কোটি ৪২ লাখ টাকা, ইয়ার্ন ডাইং মেশিন কিনতে ২১ কোটি ২৩ লাখ টাকা, ওয়াশিং প্ল্যান্ট মেশিন কিনতে ২১ কোটি ৯১ লাখ টাকা এবং আইপিও সংশ্লিষ্ট কাজে ৬ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় হবে।
বুকবিল্ডিং পদ্ধতিতে মূল্য নির্ধারণের পর প্রয়োজনীয় সংখ্যক শেয়ার ছাড়া হবে, যা মোট শেয়ারের ২৬ শতাংশের কাছাকাছি হতে পারে বলে ধারণা দেন এসকোয়ার নিট কম্পোজিটের কর্মকর্তারা।
নতুন প্রকল্প বাস্তবায়িত হলে কোম্পানির আয় ধারাবাহিকভাবে বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন।
অন্যদের মধ্যে কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোস্তাফিজুর রহমান, কোম্পানি সচিব সাইদুর রহমান, আর্থিক উপদেষ্টা মিসবাহ উদ্দীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
