ইসলামী ব্যাংকেরসহ ৩টি বন্ড আসছে বাজারে
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের তিনটি বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
এর মধ্যে ইসলামী ব্যাংক এবং লংকাবাংলা ফাইন্যান্স ৫০০ কোটি টাকার এবং ন্যাশনাল ব্যাংক ৪০০ কোটি টাকার বন্ড ছাড়বে।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির বৃহস্পতিবারের সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
ইসলামী ব্যাংক
ইসলামী ব্যাংক লিমিটেডের ৫০০ কোটি টাকার বন্ডটির মেয়াদ হবে সাত বছর।
বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে- অরূপান্তরযোগ্য, মুদারারা সাব-অর্ডিনেন্ট বন্ড এবং এটা পুঁজিবাজারে তালিকাভুক্তির যোগ্য নয়।
আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট হাউজ সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি মধ্যে প্লেসমেন্টের বাজারে ছাড়া যাবে।
বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য হবে ১ কোটি টাকা। ট্রাস্টি হিসেবে থাকবে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড।
ন্যাশনাল ব্যাংক
ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৪০০ কোটি টাকার নন-কনভারটেবল সেকেন্ড সাবঅর্ডিনেন্ট বন্ডের প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি। এই বন্ডেরও মেয়াদ হবে ৭ বছর।
বন্ডটির বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, অরূপান্তরযোগ্য, ফ্লোটিং রেটেড সাবঅর্ডিনেটেড বন্ড। বন্ডটিতে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, কর্পোরেট বডি এবং হাই নেট ওর্থ বিনিয়োগকারী প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন।
বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১ কোটি টাকা। এই বন্ডেরও ট্রাস্টি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড।
লংকাবাংলা ফাইন্যান্স
সভায় লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ৫০০ কোটি টাকার জিরো কুপন বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।এই বন্ডের মেয়াদ হবে ৩ বছর।
বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে- বন্ডটি অরূপান্তরযোগ্য। এই বন্ডটি ৩ বছরে সম্পূর্ণ অবসায়ন হবে। যা বাণিজ্যিক ব্যাংক, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট হাউজ, সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির কাছে প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করতে হবে।
বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১ হাজার টাকা। এর ট্রাস্টি হিসেবেও রয়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড।
