সানাউল হক আইসিবির নতুন এমডি
রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি কাজী সানাউল হক।
আগামী ১০ অগাস্ট তিনি নতুন দায়িত্বে যোগ দেবেন বলে অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে মঙ্গলবার সানাউল হকের বদলির আদেশ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, রাষ্ট্র মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক রাকাবের এমডি কাজী সানাউল হককে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বদলিপূর্বক আইসিবির এমডি পদে নিয়োগ করা হল।
নাম প্রকাশ না করার শর্তে আইসিবির এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সানাউল হক ৯ অগাস্ট পর্যন্ত রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডির দায়িত্ব পালন করবেন। ১০ অগাস্ট তিনি আইসিবিতে যোগ দেবেন।
বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন সানাউল হক। অগ্রণী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ছাড়াও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) এবং রাকাবের মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
আইসিবির প্রধান কার্যালয়ে কর্মরত থাকাকালে তিনি পরিচালনা পর্ষদের সচিব এবং বাস্তবায়ন ও ঋণ আদায় বিভাগের উপ-মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের সিইও হিসেবেও কাজ করেছেন তিনি।
