২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারের সিসিপি কমিটি গঠন

পুঁজিবাজারে নতুন ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট কোম্পানি গঠনে ডিএসই চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেমকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি কমিটি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2017, 12:35 AM

Updated : 19 Aug 2022, 05:04 PM

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ‘সেন্ট্রাল কাউন্টার পার্টি (সিসিপি) ফরমেশন কমিটি’ গঠনের কথা জানানো হয়।

এই কমিটি বিধিমালার আলোকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে ক্লিয়ারিং অ্যান্ড সেটেলমেন্ট কোম্পানি দ্রুততম সময়ে গঠনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

সংবাদ সম্মেলনের আগে ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড ও সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের একটি বৈঠক হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন ডিএসই চেয়ারম্যান আবুল হাশেম। বৈঠকে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান নতুন কোম্পানির গঠন ও শেয়ার ধারণের কাঠামো, পরিচালনা পর্ষদ, অনুমোদিত মূলধন এবং কোম্পানির নিবন্ধিত কার্যালয়সহ অন্যান্য বিষয় উপস্থাপন করেন।

সিসিপি কমিটির সদস্যদের মধ্যে ডিএসইর দুজন প্রতিনিধি থাকবেন। সিএসই, সিডিবিএল ও ব্যাংকগুলোর একজন করে প্রতিনিধি থাকবেন। এই কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক।