২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের কল্যাণে তেজি পুঁজিবাজার

ব্যাংক খাতের কোম্পানিগুলোর শেয়ারের উপর ভর করে তেজিভাবে ফিরেছে পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2017, 04:56 PM

Updated : 19 Aug 2022, 04:10 PM

চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের পর মঙ্গলবার বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪০ পয়েন্ট বেড়েছে। এই বাজারে লেনদেন হয়েছে প্রায় হাজার কোটি টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১২৪ পয়েন্ট।

মঙ্গলবার বেশিরভাগ শেয়ারের দর পড়লেও প্রায় সবগুলো ব্যাংকের শেয়ারেরই দামই বেড়েছে। বাজারে লেনদেনের শীর্ষেও ছিল এ খাতের শেয়ার।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে ৯৯৫ কোটি ৯৩  লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২১৮ কোটি ৭৮ লাখ টাকা বেশি। সোমবার ডিএসইতে ৭৭৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২০টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।

এদিন ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৯ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৩৭ দশমিক ৪১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৯৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক  ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৯৫ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৬৬ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২৩ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮০০ দশমিক ৭৯ পয়েন্টে।

এ বাজারে লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।