৭০% নগদ লভ্যাংশ ঘোষণা সিঙ্গার বিডির
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বিডি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৭০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সেইসঙ্গে নিজস্ব করবিহীন জমি পুর্নমূল্যায়নের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
৩১ ডিসেম্বর, ২০১৬ শেষ হওয়া হিসাব বছরের জন্য এ লভ্যাংশ সুপারিশ করেছে সিঙ্গারের পরিচালনা পর্ষদ।
এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ১২ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য হয়েছে ২৫ টাকা ৩৯ পয়সা।
সিঙ্গার বিডির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ১১ মে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মার্চ।
১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিঙ্গার বাংলাদেশ লিমিটেড ডিএসইকে জানিয়েছে, তারা তাদের ‘নিজস্ব করবিহীন’ জমির পুর্নমূল্যায়ন করেছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি অনুমোদনও পেয়েছে।
পুনর্মূল্যায়নের আগে ওই সম্পদের দাম ছিল ৩৮ কোটি ৯২ লাখ ৫৮ হাজার টাকা। আর পুনর্মূল্যায়নের পরে দাম হয়েছে ৫৬ কোটি ১১ লাখ ৮০ হাজার টাকা।
অর্থাৎ, পুনর্মূল্যায়নের পর সিঙ্গার বিডির সম্পদের মূল্য ১৭ কোটি ১৯ লাখ ২২ হাজার টাকা বেড়েছে।
