২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তেজিভাবেই চলছে পুঁজিবাজার

টানা তিন দিন সূচক বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে, এই তেজিভাব অব‌্যাহত থাকবে বলে আশা করছেন বাজার সংশ্লিষ্টরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2017, 04:05 PM

Updated : 11 Oct 2022, 01:27 PM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৪ দশমিক ২৩ পয়েন্ট। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

গত তিন দিনে ডিএসইএক্স বেড়েছে ১৫০ পয়েন্টের মতো।

অন‌্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৬২ দশমিক ৬৬ পয়েন্ট। বেড়েছে লেনদেনও।

২০১০ সালের পর জানুয়ারিতে ডিএসইএক্স টানা প্রায় ৭০০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭০৮ পয়েন্টে উঠেছিল।

২৯ জানুয়ারি মুদ্রানীতি ঘোষণার সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পুঁজিবাজারে ‘নজরদারি বাড়ানোর’ কথা বলার পর সূচক নেমে যায়।

এরপর সূচক কমে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে ঠেকলেও গত তিন দিনে বেড়ে তা এখন ৫ হাজার ৫১২ পয়েন্ট।

বাজার বিশ্লেষণ করতে গিয়ে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুদ্রানীতি ঘোষণার পর এক ধরনের আতঙ্কে বিক্রির চাপে বাজারে অস্থিরতা দেখা দিয়েছিল। এখন সেটা কেটে গেছে…। ফের চাঙ্গাভাবে ফিরেছে। আগামীতেও বাজারে তেজিভাব থাকবে বলেই মনে হচ্ছে।”

কারণ ব্যাখ‌্যা করে তিনি বলেন, “অর্থনীতির প্রধান সূচকগুলো ভালো। দেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল। সরকারের মনোভাবও ইতিবাচক। সবকিছু মিলিয়েই বাজার ভালোর দিকে যাবে বলে আমার বিশ্বাস।”

ফিনিক্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ কাদির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন পুঁজিবাজারের জন্য একটি আদর্শ অবস্থা বিরাজ করছে। সব ঠিক থাকলে বাজার ভবিষ্যতে ভাল হওয়ার কথা। এখন দরকার বাজারে ভালো ভালো কোম্পানি শেয়ার (আইইপিও)।”

বৃহস্পতিবার ডিএসইতে ৯১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ১৪ কোটি ৮০ লাখ টাকা বেশি। বুধবার এই বাজারে ৮৯৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫১২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৮৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ২ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ৫৩ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সার্বিক সূচক সিএএসপিআই ৬২ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৩ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।