২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের চাঙ্গা পুঁজিবাজার

ফের চাঙ্গাভাবে ফিরেছে বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2017, 03:40 PM

Updated : 11 Oct 2022, 01:27 PM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার দুই বাজারেই সূচক ও লেনদেন বেড়েছে। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর।

প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে প্রায় ১০০ পয়েন্ট। লেনদেন হয়েছে ৯০০ কোটি টাকার মতো।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৩৬ পয়েন্ট। লেনদেন হয়েছে ৫১ কোটি টাকার বেশি।

বাজার বিশ্লেষণ করতে গিয়ে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত কয়েক দিন বাজারে কারেকশন (মূল্য সংশোধন) হওয়ার পর ফের চাঙ্গাভাবে ফিরেছে। আগামীতেও বাজারে তেজিভাব থাকবে বলেই মনে হচ্ছে।”

কারণ ব্যাখা করে তিনি বলেন, “অর্থনীতির প্রধান সূচকগুলো ভালো। দেশের রাজনৈতিক অবস্থা স্থিতিশীল। সরকারের মনোভাবও ইতিবাচক। সবকিছু মিলিয়েই বাজার ভালোর দিকে যাবে বলে আমার বিশ্বাস।”

বুধবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৬ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৮৮ দশমিক ২৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৭৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৯৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৮৯৮ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪৫ শতাংশ বেশি।

লেনদেন হওয়া ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮১টির, কমেছে ৪৩টির ও অপরিবর্তিত ছিল চারটির দাম।

বুধভার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ৩৩৬ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৯৮৩ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেন হয়েছে ৫১ কোটি ০৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে ১৫ শতাংশ বেশি।

হাতবদল হওয়া ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৯টির, কমেছে ২৬টি এবং অপরিবর্তিত ছিল ছয়টির দাম।