বড় দরপতনে সপ্তাহ শেষ
উল্লম্ফনের পর টানা কয়েকদিন সূচক পড়লেও বুধবার ৬ পয়েন্ট যোগ হয়েছিল; কিন্তু সপ্তাহান্তে এক দিনে সূচক ১০৯ পয়েন্ট হারিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ।
বৃহস্পতিবার সূচকের সঙ্গে লেনদেনও কমেছে বাংলাদেশের প্রধান পুঁজিবাজারে; ৭৪৫ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে এদিন, যা আগের দিনের চেয়ে ১৫ দশমিক ৪৭ শতাংশ কম।
লেনদেনে থাকা ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ২৭৩টির ও অপরিবর্তিত রয়েছে ১০টির।
ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৬৫ পয়েন্টে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৪৩ পয়েন্ট কমে ১৬ হাজার ৬০৩ পয়েন্ট হয়েছে।
লেনদেনে থাকা ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২টির, কমেছে ২০৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৬টির দাম।
দরপতন কেন?
ছয় বছর বাদে দ্রুত উত্থানের পর এখন বাজারে অস্থিরতার কারণ খুঁজেছেন এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক এমরান হাসান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৫ নভেম্বর থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত ডিএসইতে সূচক প্রায় ২৪ শতাংশ বেড়েছে।এই সময়ে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১০৪৩ পয়েন্ট বেড়েছে। বাজারে উত্থান দ্রুত হলে পতনও দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে।
“বর্তমানে সেটাই হচ্ছে।”
এমরান বলেন, উত্থানের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর শেয়ার। সাধারণত ব্যাংকগুলো এ ধরনের শেয়ারে বেশি বিনিয়োগ করে।
“ব্যাংকগুলোর পুঁজিবাজারে বিনিয়োগসীমা বাজার মূল্যে হিসাব করা হয়। ব্যাংকগুলোর সীমা পেরিয়ে গেছে, যার ফলে হয়ত কিছু ব্যাংকের শেয়ার বিক্রি করে দিতে হচ্ছে।”
মার্চেন্ট ব্যাংকগুলো পুঁজিবাজারে ঋণাত্মক মূলধনধারী বিনিয়োগ হিসাবে শেয়ার কেনা-বেচা করার সুযোগ পেতেন সেটার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় লেনদেন কিছুটা কমেছে।
মার্জিন রুলস,১৯৯৯ এর ৩(৫) ধারা অনুসারে ঋণাত্মক মূলধনধারী হিসাবে গ্রাহক নিজে শেয়ার কেনা-বেচা করতে পারেন না। কেবল ঋণদাতা প্রতিষ্ঠান এই ধরনের হিসাবের শেয়ার বিক্রি করে তার ঋণ সমন্বয় করে নিতে পারে।
২০১০ সালের ধসের পর বিশেষ পরিস্থিতি বিবেচনায় বিএসইসি আলোচিত আইনের সংশ্লিষ্ট ধারাটির কার্যকারিতা কয়েক দফা স্থগিত করে। সর্বশেষ স্থগিতাদেশের মেয়াদ গত ৩১ জানুয়ারি শেষ হয়ে গেছে।
