২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টানা চতুর্থ দিনের মত দরপতন

টানা চতুর্থ দিনের মত সূচকপতন ঘটেছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2017, 05:11 PM

Updated : 11 Oct 2022, 01:24 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সোমবার প্রায় ৮০ পয়েন্ট কমে ৫ হাজার ৪২১ পয়েন্ট হয়েছে।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০২ পয়েন্ট হারিয়ে ১৬ হাজার ৭৮৫ পয়েন্ট হয়েছে।

দীর্ঘদিন মন্দাভাবের পর গতবছরের শেষ দিক থেকে বাজারে তেজিভাব দেখা যায়। ২৪ জানুয়ারি সূচক পৌঁছায় ৫ হাজার ৭০৮ পয়েন্টে, যা এই সূচক গণনা শুরুর পর সর্বোচ্চ।

২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স সূচক শুরুর সময় এ সূচক ছিল ৪ হজার ৫৬ পয়েন্ট।

এরপর বুধবার ডিএসইএক্স ৮৭ পয়েন্ট ও বৃহস্পতিবার প্রায় ৩ পয়েন্ট হারায়। সে সময় বাজার বিশ্লেষকরা একে মূল‌্য সংশোধন বলেন।

কিন্তু রোববার শেয়ার বাজারের সাম্প্রতিক উল্লম্ফন নিয়ে মুদ্রানীতিতে সতর্কবাণী আসার পর বড় দরপতন ঘটে। ডিএসইএক্স ১১৮ পয়েন্ট হারায়, সেই সঙ্গে কমে লেনদেন। সোমবারও সেই ধারা অব‌্যাহত থাকে।

ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশ ব্যাংক বলেছে, যারা নিয়মের মধ্যে নেই, তাদের নিয়মরে মধ্যে আনা হবে। তারা ভালো কথা বলেছে। অর্থাৎ, কেউ যদি ইচ্ছা করে কোনো শেয়ারকে ফুলিয়ে-ফাঁপিয়ে থাকে, তাকে তো নিয়মের মধ্যে আসতে হবেই।”

এ পতন সাময়িক মন্তব‌্য করে তিনি বলেন, “বাজারে ফান্ড আছে, বাজার আবার বাড়বে কারণ অন্য সূচকগুলো ভালো অবস্থায় আছে। ২৩ দিনে ৭০০ পয়েন্ট বেড়ে যাওয়াতো আর স্বাভাবিক না, আরও আগেই সংশোধন হতে পারত।”

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৭৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে দশমিক ৫ দশমিক ৫১ শতাংশ কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩২৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ২৪৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির দাম।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৭১ কোটি ৮০ লাখ টাকার শেয়ার, যা আগের দিন চেয়ে দশমিক ৫ দশমিক ৪৭ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ২৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ১৮০টির এবং ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে।