২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের শেয়ারের দর বাড়ায় সর্বোচ্চ অবস্থানে ডিএসইএক্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের শেয়ারের দর বেড়েই চলেছে। মূলত এ কারণেই সপ্তাহের তৃতীয় দিন বেশির ভাগ শেয়ারের দাম কমার পরও সূচক বেড়েছে দুই বাজারেই।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2017, 05:55 PM

Updated : 11 Oct 2022, 01:22 PM

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৩০টি ব্যাংকের মধ্যে সবগুলোরই দাম বেড়েছে।

লেনদেনের শীর্ষে থাকা ২০টি কোম্পানির মধ্যে আটটিই ছিল ব্যাংক খাতের শেয়ার। সবার শীর্ষে ছিল ইসলামী ব্যাংক। অন্যদিকে দর বাড়ার শীর্ষে থাকা ১০ কোম্পানির মধ্যে সাতটিই ছিল ব্যাংক।

মঙ্গলবার ডিএসইতে সবচেয়ে বেশি দর বেড়েছে ইসলামী ব্যাংকের; ৯ দশমিক ৮ শতাংশ। ৪২ টাকা ৭০ পয়সা থেকে ইসলামী ব্যাংকের শেয়ারের দর বেড়ে ৪৬ টাকা ৯০ পয়সায় উঠেছে।

এসআইবিএলের দাম বেড়েছে ৯ দশমিক ৬ শতাংশ। পূবালী ব্যাংকের বেড়েছে ৮ দশমিক ৮ শতাংশ। সাউথইস্ট ব্যাংকের বেড়েছে ৭ দশমিক ৩৩ শতাংশ।এক্সিম ব্যাংকের বেড়েছে ৭ দশমিক ২৩ শতাংশ।

দর বাড়ার শীর্ষে থাকা আরও দুটি হচ্ছে সিটি ব্যাংক ও রূপালী ব্যাংক।

ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্ঘদিন ধরে ব্যাংকের শেয়ার অবমূল্যায়িত অবস্থায় ছিল। এখন চড়া বাজারে অন্যান্য শেয়ারের সঙ্গে ব্যাংকের শেয়ারের দর বাড়ছে।

“কয়েক দিন পরই ব্যাংকগুলো তাদের ২০১৬ সালের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে। ব্যাংকগুলো এবার ভালো মুনাফা দেবে বলে আশা করছে সবাই। সে কারণেই ব্যাংক খাতের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে; দর বাড়ছে।”

মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৭০৮ দশমিক ২৪ পয়েন্টে অবস্থান করছে।

২০১৩ সালের ২৭ জানুয়ারি ডিএসইএক্স সূচকটি চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ অবস্থান।

এদিন লেনদেন সামান্য কমলেও দুই হাজার কোটির ঘর অতিক্রম করেছে। ডিএসইতে দুই হাজার ১৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ১৬৭ কোটি ৩৪ লাখ টাকা কম।

সোমবার ডিএসইতে দুই হাজার ১৮০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দর।

একইভাবে ডিএসইএস বা শরীয়াহ সূচকও সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এই সূচক চার পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০১ পয়েন্টে। এই সূচকটি ২০১৪ সালের ২০ জানুয়ারি চালু হয়।

ডিএস৩০ সূচকও সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এই সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৪০ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানের মধ্যে দিনের লেনদেন শেষ হয়েছে।

মঙ্গলবার সিএসইতে ১১৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার এই বাজারে ১১৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭০৭ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টির দর।