২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একদিন পড়েই ওঠে দাঁড়ালো পুঁজিবাজার

একদিন দর পতনের পর ফের ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে পুঁজিবাজার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধান অর্থনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2017, 07:14 PM

Updated : 11 Oct 2022, 01:18 PM

পুরনো খবর:

বিএসইসির নতুন ভবনের যাত্রা শুরু

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার দেশের দুই স্টক এক্সচেঞ্জেই সূচক ও লেনদেন বেশ বেড়েছে।

প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ পয়েন্ট বেড়ে দিন শেষে ৫ হাজার ২১৪ দশমিক ৬০ পয়েন্টে অবস্থান করছে।

এই সূচক গত ২৬ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৪ সালের ২১ অক্টোবর ডিএসইএক্স ৫ হাজার ২৩৩ পয়েন্টে উঠেছিল।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ২০০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৫ পয়েন্টে।

টানা ১০ দিন ঊর্ধ্বমুখী ধারা বজায় রেখে রোববার দেশের দুই বাজারেই মূল্য সংশোধন হয়।

ওই দিন ডিএসইএক্স ২৪ পয়েন্ট এবং সিএএসপিআই ১০৬ পয়েন্ট কমেছিল।

কিন্তু পরের দিনই ফের ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দুই বাজার।

‘পুঁজিবাজার আরও ভালো হবে’ প্রত্যাশা করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের পুঁজিবাজার এখন ভালো, স্থিতিশীল। বিদেশি বিনিয়োগ আসছে, নতুন নতুন আইপিও আসছে। আরও আসার প্রক্রিয়ায় রয়েছে। বহুজাতিক কোম্পানিগুলোকে বাজারে আসতে উদ্যোগ নেওয়া হবে।

“আমাদের এখানে শিল্প মালিকরা ব্যাংক থেকে ঋণ নিয়ে শিল্প গড়ে তুলতে চায়- এটা ঠিক নয়। পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহ করে শিল্প-প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। এখন একটা অবস্থায় গিয়েছে। অনেকেই পুঁজিবাজার থেকে অর্থ নিয়ে শিল্প গড়ে তুলছে।”

“পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও বাজার স্বাভাবিক করতে অনেক কাজ করেছে। সব মিলিয়ে আগামীতে পুঁজিবাজার আরও ভালো হবে বলে আমি বিশ্বাস করি।”

ডিএসইর সাবেক সভাপতি রকিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টানা কয়েক দিন বাড়ার পর রোববার বাজার সংশোধন হয়েছিল। সোমবার ডিএসইতে সূচক ৫৬ পয়েন্টের বেশি বেড়েছে। সাম্প্রতিক সময়ে এক দিনে সূচক এতোটা বাড়েনি। সবমিলিয়ে বাজার এখন ইতিবাচক।”

রোববার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুঁজিবাজার নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন।

তারও প্রভাব বাজারে পড়েছে বলে মন্তব্য করেন রকিবুর রহমান।

সোমবার ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২০৯টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর।

ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার  ২৩০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৭৯ পয়েন্টে।

সোমবার ডিএসইতে এক হাজার ২৪৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের চেয়ে ১৭১ কোটি ৬৬ লাখ টাকা বেশি।

রোববার এ বাজারে এক হাজার ৭৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

অন্যদিকে সিএসইতে সোমবার ৭৪ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সার্বিক সূচক সিএএসপিআই ১৯৬ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ২৫ দশমিক ২৬ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৮৩টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর।