‘উন্নয়ন মেলায়’ অংশ নিচ্ছে বিএসইসি
পুঁজিবাজার সম্পর্কে দেশের প্রান্তিক পর্যায়ের মানুষকে ধারণা দিতে সরকার আয়োজিত ‘উন্নয়ন মেলায়’ অংশ নিচ্ছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বিএসইসির নির্বাহী পরিচালক সাইফুর রহমান রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, “সরকার উন্নয়ন মেলা আয়োজন করছে। পুঁজিবাজার উন্নয়নের একটি অংশ। সে বিষয়টি বিবেচনায় নিয়েই বিএসইসি এ মেলায় অংশ নিচ্ছে।
“পুঁজিবাজার সম্পর্কিত তথ্য মানুষের কাছে পৌঁছানোই আমাদের লক্ষ্য। আমরা প্রথম পর্যায়ে ২৮ জেলাতে অংশ নিচ্ছি। যেসব জেলায় পুঁজিবাজারের সংশ্লিষ্টতা রয়েছে সেসব জেলাকে প্রাধান্য দেওয়া হয়েছে।”
দেশের উন্নয়নের চিত্র তুলে ধরতে রাজধানী ঢাকাসহ ২৮ জেলায় তিন দিনব্যাপী এই মেলা সোমবার থেকে শুরু হচ্ছে।
ঢাকায় শিল্পকলা একাডেমিতে মেলার আয়োজন করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলা হবে। অন্যান্য জেলায়ও মেলার আয়োজনে থাকছে জেলা প্রশাসন।
সোমবার মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমান, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি আহমেদ রশিদ লালী, বিএমবিএ সভাপতি সায়েদুর রহমান, অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি আসাদুল ইসলাম রিপন এবং উন্নয়ন মেলার সদস্য সচিব ও বিএসইসির উপ-পরিচালক জোবায়ের উদ্দিন ভূইয়া উপস্থিত ছিলেন।
আহমেদ রশিদ লালী বলেন, দুই কারণে এই মেলায় অংশ নেওয়া হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নে প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে পুঁজিবাজারকে তুলে ধরা। একইসঙ্গে এই বাজারের উন্নয়নে যে সংস্কার হয়েছে তা মানুষকে জানানো।
জোবায়ের উদ্দিন ভূঁইয়া বলেন, “এ ধরনের উন্নয়ন মেলায় বিএসইসি প্রথমবারের মতো অংশ নিচ্ছে। আমরা সাধারণ মানুষকে বোঝাতে চাই- পুঁজিবাজার কী, কীভাবে বিনিয়োগ করতে হবে, এখন এই বাজারের অবস্থা কী।”
উন্নয়ন মেলা চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। ঢাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা ঘুরে দেখা যাবে।
ঢাকার বাইরে যে জেলাগুলোতে মেলা অনুষ্ঠিত হবে- চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার, কুমিল্লা, বগুড়া, ফরিদপুর, বরিশাল, পাবনা, নরসিংদী, নারায়ণগঞ্জ, নওগাঁ, ময়মনসিংহ, টাঙ্গাইল, রংপুর, রাজশাহী, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, কুষ্টিয়া, কিশোরগঞ্জ, খুলনা, ফেনী, যশোর, জামালপুর, সিরাজগঞ্জ, গাজীপুর ও ব্রাক্ষণবাড়িয়া।
