২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উৎপাদন বাড়াতে কেডিএস বসাচ্ছে নতুন লাইন

রপ্তানিমুখী তৈরি পোশাকসজ্জার পণ্য ও প্যাকেজিং প্রস্তুতকারক কোম্পানি কেডিএস এক্সেসরিজ পণ্য উৎপাদন সম্প্রসারণে ৬ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে নতুন কারখানা বসাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2017, 02:02 PM

Updated : 19 Aug 2022, 03:23 PM

কোম্পানিটির পরিচালনা পর্ষদের এই সিদ্ধান্ত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয় ।

হ্যাংগার ও বাটন উৎপাদনের জন্য গাজীপুরে লাইন স্থাপনের কাজ ২০১৭ সালের জুনের মধ্যে শেষ হতে পারে বলে কোম্পানিটি আশা করছে।

নতুন লাইন স্থাপন ও বিদ্যমান প্রকল্প সম্প্রসারণে জন্য ৭ লাখ ৬৮ হাজার ২৭৩ ডলারের ব্যয় বিদেশি সাপ্লায়ার্স ক্রেডিট, ব্যাংক ঋণ ও নিজস্ব অর্থায়নে মেটাবে। এই প্রকল্পের যন্ত্রপাতি আনা হবে ইউরোপ ও চীন থেকে।

নতুন লাইন বসানোর কাজ শেষে প্রতিদিন ২৮০ জিজি বাটন ও এক লাখ ৫০ হাজার হ্যাংগার উৎপাদন করা যাবে বলে দাবি এই কোম্পানির।

পূর্ণ উৎপাদনক্ষমতা কাজে লাগাতে পারলে প্রতিমাসে ২ কোটি ৮ লাখ টাকা; বছরে ২৫ কোটি টাকার বিক্রি বাড়তে পারে বলে কোম্পানিটি আশা করছে।