উৎপাদন বন্ধের ঘোষণা কেপিপিএলের
পুঁজিবাজারে তালিকাভুক্ত খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড (কেপিপিএল) সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
কাগজ ও মুদ্রণ খাতের কোম্পানিটির পরিচালনা পর্ষদ সোমবার এ সিদ্ধান্ত নেয় বলে ডিএসইর ওয়েবসাইটে জানানো হয়েছে।
মূল্য সংবেদনশীল তথ্য নিয়ে লুকোচুরির অভিযোগের মুখে থাকা কোম্পানিটি ডিএসইকে বলেছে, জাতীয় রাজস্ব বোর্ডের অসহযোগিতা, শুল্ক কর্তৃপক্ষের বন্ড লাইসেন্স স্থগিত রাখা ও চট্টগ্রাম বন্দরে উচ্চ আদালতের মিথ্যা মামলার কারণে কোম্পানির কাঁচামাল আমদানি বন্ধ রয়েছে।
উচ্চ আদালতের আদেশের পরও শুল্ক কর্তৃপক্ষ পণ্য খালাসের অনুমতি না দেওয়ায় কাঁচামাল দিনে দিনে গুণাগুণ হারিয়ে ফেলছে বলে ডিএসইকে জানিয়েছে কেপিপিএল।
ডিএসইর ওয়েবসাইটে বলা হয়, এসব কারণে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির কথা তুলে ধরে সাময়িকভাবে উৎপাদন বন্ধ ছাড়া কোনো উপায় নেই বলে দাবি করেছে কোম্পানিটি।
