বছরের শেষ দিন ভালই গেল পুঁজিবাজারে
চলতি বছরের শেষ কার্য দিবসে দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন চাঙ্গাভাবে শেষ হয়েছে।
সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে শেয়ারের মূল্য সূচক ও লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে।
এর মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হাজার কোটির টাকার উপরে ছিল। আগের দিনের চেয়ে প্রায় ১৪ দশমিক ১০ শতাংশ বেড়ে এদিন হাতবদল হয়েছে ১০৭০ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার।
এই বাজারের প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮ পয়েন্ট বেড়ে দিন শেষে ৫ হাজার ৩৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনে থাকা ৩২৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ১৫৫টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির।
সিএসইতে হাতবদল হয়েছে ৭৪ কোটি ১৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২১ দশমিক ৩২ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১২০টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির।
