শেয়ারহোল্ডারদের ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে আইসিবি
ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
শনিবার রাজধানীর হোটেল পূর্বাণী ইন্টারন্যাশনাল লিমিটেডে আয়োজিত আইসিবির ৪০তম বার্ষিক সাধারণ সভায় এ ঘোষণা দেওয়া হয় কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এতে বলা হয়, বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা আইসিবি এবং এর সাবসিডিয়ারি কোম্পানিসমূহের ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন নিরীক্ষিত হিসাব সম্পর্কে পর্যালোচনা করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৫-১৬ অর্থ বছরে আইসিবি এককভাবে এবং সাবসিডিয়ারিসহ সম্মিলিতভাবে যথাক্রমে ৩১৩.৬৯ এবং ৩৩১.৬৪ কোটি টাকা নিট মুনাফা অর্জন করেছে। গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের ৬ মাসে মূলধনী মুনাফা বৃদ্ধি পেয়েছে ১০৩.৬১ এবং ১৪২.২৩ কোটি টাকা।
সভায় আইসিবি পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মজিব উদ্দিন আহমেদ, আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ইফতিখার-উজ-জামান ছাড়াও পরিচালক ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।
