ইমাম বাটন সঙ্কটে
উৎপাদন সক্ষমতা ব্য্বহার করতে পারছে না ওষুধ-রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন, এতে কোম্পানিটির লোকসান দিনে দিনে বাড়ছে।
এই অবস্থা চলতে থাকলে কোম্পানিটির ভবিষ্যতে টিকে থাকা অসম্ভব বলে মনে করছে নিরীক্ষক প্রতিষ্ঠান।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে সোমবার এ তথ্য জানানো হয়।
কোম্পানির ৩০ জুন, ২০১৬ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন পর্যালোচনার ভিত্তিতে এই আশঙ্কার কথা জানিয়েছে নিরীক্ষক প্রতিষ্ঠান।
কোম্পানিটি মোট উৎপাদন ক্ষমতার মাত্র ২৩ শতাংশ কাজে লাগাতে সক্ষম। ভাঙা মেশিন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে কোম্পানিটি পর্যাপ্ত উৎপাদন করতে পারছে না। এতে নতুন ক্রেতা খুঁজতেও ব্যর্থ হচ্ছে বলে নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে।
কোম্পানির রিটেয়েন্ড লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৬৯ লাখ ৮২ হাজার ১৭ টাকা।
নিরীক্ষক প্রতিষ্ঠানটির মতে, কোম্পানি কর্তৃপক্ষ যদি অবকাঠামোগত অবস্থার উন্নতি ও আর্থিক সমস্যার সমাধান না করতে পারে তাহলে ইমাম বাটনের ভবিষ্যতে টিকে থাকা কঠিন হবে।
