২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিবিএ সভাপতি হলেন আহমেদ রশিদ লালী

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্যদের সংগঠন ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রশিদ ইনভেস্টমেন্ট সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ রশিদ লালী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 11:25 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

সংগঠনটির জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে ইনভেস্টমেন্ট অ্যান্ড প্রোমোশন সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মোশতাক আহমেদ সাদেক এবং সহ-সভাপতি হিসেবে মডার্ন সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খুজিস্তা নূর-ই-নাহরিন নির্বাচিত হয়েছেন।

বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর ঢাকা ক্লাবে প্রতিষ্ঠানটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নবনির্বাচিত ১৫ পরিচালকের সবার সম্মতিতে তাদেরকে এ সব পদে নির্বাচিত করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ।

এতে বলা হয়, সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ক্ষেত্রে ভোটগ্রহণের কথা থাকলেও নির্বাচিত তিনজনের পক্ষে ১৫ পরিচালকের সবার সম্মতি পাওয়ায় তা আর লাগেনি।

বর্তমান ডিবিএ’র আহ্বায়ক কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে।

দুই বছর মেয়াদী নতুন কমিটির প্রথম বছর ২০১৭ সাল আহমেদ রশিদ লালী ও দ্বিতীয় বছর ২০১৮ সাল মোশতাক আহমেদ সাদেক সভাপতির দায়িত্ব পালন করবেন।

একই সঙ্গে দ্বিতীয় বছর সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. শহিদুল্লাহ সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আনোয়ার হোসেন ও সহ-সভাপতি হিসেবে প্রাইলিংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম দায়িত্ব পালন করবেন।

নতুন কমিটির নির্বাচিত বাকি পরিচালকরা হলেন- শাহেদ সিকিউরিটিজের শাহেদ আব্দুল খালেক, শ্যামল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের সাজেদুল ইসলাম, ডিবিএল সিকিউরিটিজের মো. আলী, রাশটি সিকিউরিটিজের সৈয়দ রিদওয়ানুল ইসলাম, সাদ সিকিউরিটিজের মো. দেলোয়ার হোসেন, গ্লোবাল সিকিউরিটিজের রিচার্ড ডি রোজারিও, কান্ট্রি স্টক বাংলাদেশ লিমিটেডের খাজা আসিফ আহমেদ, থিয়া সিকিউরিটিজের মাহবুবুর রহমান, রয়েল গ্রিন সিকিউরিটিজের আব্দুল হক ও ইউনিক্যাপ সিকিউরিটিজের ওয়ালি উল ইসলাম।