২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাইট শেয়ার ছাড়ার অনুমোদন পেল আইডিএলসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডকে রাইট শেয়ার ছাড়া অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 11:09 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

মঙ্গলবার কমিশনের ৫৯০তম সভায় দুটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ছাড়ার অনুমোদন করা হয়েছে বলে সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এই অনুমোদনের ফলে কোম্পানিটি ১২ কোটি ৫৬ লাখ ৮৩ হাজার ৫৯৩টি সাধারণ শেয়ার ২০ টাকা মূল্যে (প্রতি শেয়ার ১০ টাকা প্রিমিয়ামসহ) বাজার থেকে পুঁজি উত্তোলনের অনুমতি পেল।

এর মাধ্যমে ২৫১ কোটি ৩৬ লাখ ৭১ হাজার ৮৬০ টাকা বাজার থেকে তুলে কোম্পানিটি মূলধন ভিত্তি শক্তিশালী করবে। অর্থাৎ ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই), কনজ্যুমার এবং করপোরেট খাতে ঋণ বিতরণ বাড়াবে।

২০১৫ সালের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি এনএভি ৩০ টাকা ৯৭ পয়সা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫ টাকা ৮১ পয়সা।

এই রাইট ইস্যুর জন্য ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।

এমটিবির ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন

এছাড়া কমিশনের সভায় ব্যাংক খাতের কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের ৫০০ কোটি টাকার নন কনভার্টেবল সাবওর্ডিনেটেড বন্ডের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন কনভার্টেবল, আনসিকিউর্ড, আনলিস্টেড, কুপন বেয়ারিং সাবওর্ডিনেটেড বন্ড।

এটি ৭ বছরে সম্পূর্ণরূপে অবসায়নযোগ্য হবে। যা শুধু আর্থিক প্রতিষ্ঠান এবং উচ্চ সম্পদধারী ব্যক্তিরাই প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন।

উত্তোলন করা অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি ‘টায়ার টু রেগুলেটরি ক্যাপিটালের’ শর্ত পূরণ করা হবে।

বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য ১ কোটি টাকা। এই বন্ডের ম্যানডেটেড লিড অ্যারেঞ্জার এবং ট্রাস্টি হিসেবে রয়েছে আরএসএ ক্যাপিটাল লিমিটেড এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।

হ্যাক সিকিউরিটিজকে ২ লাখ টাকা জরিমানা

আইন ভঙ্গের অভিযোগে হ্যাক সিকিউরিটিজ লিমিটেডকে ২ লাখ টাকা জরিমানা করেছে কমিশন। কিছু বিনিয়োগকারীর অভিযোগের ভিত্তিতে কমিশনের সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

ইক্যুইটি ও ঋণ অনুপাত ১২৫ শতাংশের ওপর থাকা সত্ত্বেও ফোর্স সেল করে গ্রাহকের ঋণ হিসাব সমন্বয় করার মাধ্যমে মার্জিন রুলস ১৯৯৯ এর রুলস ৩ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধিমালা ২০০০ এর বিধি ১১ লঙ্ঘন করেছে প্রতিষ্ঠানটি।

এছাড়া গ্রাহকের হিসাবের প্রি আইপিও শেয়ার কমিশন ও স্টক এক্সচেঞ্জকে অবহিত না করে বিক্রি করার মাধ্যমে কমিশনের নির্দেশনা নং- এসইসি/ সিএমআরআরসিডি/ ২০০৯-১৯৩/৪৯ /অ্যাডমিন/ ০৩-৪৮ তারিখ ১৪/০৭/২০১০ এর লঙ্ঘন করেছে হ্যাক সিকিউরিটিজ।

এসব আইন ভঙ্গের কারণে কমিশন প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করেছে বলে বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।