সিভিওকে কনডেনসেট সরবরাহ: রায় সংশোধন উচ্চ আদালতের
বিদ্যুত-জ্বালানি খাতের কোম্পানি সিভিও পেট্রোকেমিক্যালের কাছে কনডেনসেট (গ্যাসের উপজাত) সরবরাহ বন্ধের সিদ্ধান্ত স্থগিত করে দেওয়া রায় সংশোধন করেছে উচ্চ আদালত।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়, কোম্পানিটির আবেদনের প্রেক্ষিতে গত ২২ আগস্ট দেওয়া রায় ৭ সেপ্টেম্বর সংশোধন করেছে উচ্চ আদালত।
সিভিওকে কনডেনসেট সরবরাহ বন্ধ করার সরকারি সিদ্ধান্ত উচ্চ আদালত স্থগিত করেছে।
তবে রায়ে বলা হয়েছিল- কোনো লাইসেন্সধারী কোম্পানি পরিশোধিত জ্বালানি তেল খোলা বাজারে বিক্রি করলে সরকারি সিদ্ধান্তের উপর দেওয়া স্থগিতাদেশ কার্যকর হবে না। সিভিওর ক্ষেত্রেও এ রায় প্রযোজ্য হবে।
৭ সেপ্টেম্বর দেওয়া সংশোধনিতে উল্লেখিত অংশটি বাদ দেওয়া হয়েছে।
অনিয়মের অভিযোগে সিলেট গ্যাস ফিল্ড কনডেনসেট সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দিলে উচ্চ আদালতে রিট করে সিভিও।
সিভিওর সঙ্গে একাত্মতা পোষণ করে সাত দিনের মধ্যে কনডেনসেট সরবরাহের নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।
পেট্রোবাংলার নির্দেশ অনুযায়ী গত ২৭ জুলাই সিলেট গ্যাস ফিল্ড সিভিওর কাছে কনডেনসেট সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেয়। এতে কোম্পানিটির উৎপাদন বন্ধ হয়ে যায়।
এর আগে পেট্রোবাংলা, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সিভিও পেট্রোকেমিক্যালের বিরুদ্ধে আইন লঙ্ঘন করে ব্যবসা করার অভিযোগ আনে বিপিসি।
