চাঙা হচ্ছে পুঁজিবাজার
গত কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী বাংলাদেশের পুঁজিবাজার, যা চাঙা হওয়ার ইঙ্গিত বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
কোরবানির ঈদের ছুটির কয়েক দিন আগে থেকে বাজার উঠতে শুরু করেছিল, যা ছুটির পরও চলছে।
ছুটির পর তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে প্রধান সূচক ডিএসইএক্স ১৩ পয়েন্ট বেড়েছে।
অন্য বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫৭ পয়েন্ট।
চলতি সেপ্টেম্বর মাসে এই পর্যন্ত ডিএসইর সূচকে যোগ হয়েছে ১১৪ পয়েন্ট। লেনদেন হয়েছে গড়ে ৫০০ কোটি টাকার বেশি।
মঙ্গলবার ঢাকার পুঁজিবাজারে ৫৩৬ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। আগের দিন হয়েছিল ৫৪০ কোটি টাকা।
বাজার বিশ্লেষকরা বলছেন, প্রাতিষ্ঠাতিক বিনিয়োগকারীরা বিনিয়োগ করায় বাজারে ‘স্বাভাবিক’ অবস্থা ফিরে আসছে। সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরে এসেছে।
আগামী দিনগুলোতেও বাজারের এই ধারা অব্যাহত থাকবে বলে মনে করছেন তারা।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও বলেছেন, পুঁজিবাজার এখন সঠিক পথেই রয়েছে।
মঙ্গলবার ১৩ পয়েন্ট যোগ হয়ে ডিএসইর প্রধান সূচক ৪ হাজার ৬৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
৫৩৬ কোটি ৬ লাখ টাকার শেয়ার হাতবদলে ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৫টির। ১১৬টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, অপরিবর্তিত রয়েছে ৫০টির দাম।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫০ পয়েন্ট বেড়ে হয়েছে ১৪ হাজার ২৬৮ পয়েন্ট হয়েছে।
লেনদেন হয়েছে ২৯ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার।
২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার হাতবদল হয়েছে চট্টগ্রামের পুঁজিবাজারে। এরমধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৮০টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
একটি ব্রোকারেস হাউস (ফাইল ছবি)
অর্থমন্ত্রী মুহিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজার স্থিতিশীল করতে ডিমিউচ্যুয়ালাইজেশনসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে। তারই ইতিবাচক ফল এখন পাওয়া যাচ্ছে।
“বাজারে স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে। আমাদের পুঁজিবাজার এখন সঠিক পথেই রয়েছে।”
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কারণেই বাজার চাঙাভাবে ফিরছে বলে মনে করেন ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাস দুই-তিন আগেও দেশে জঙ্গি-জঙ্গিভাব যেটা ছিল, সেটা কেটে যাচ্ছে। ব্যাংকগুলোতে আমানতের সুদের হার কমেছে।
“সবাই এখন পজিটিভ মুড এ আছে। এ সব কিছুর কারণেই বাজার ভালো হচ্ছে।”
বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি এইমস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ইয়াওয়ার সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখন যারা বিনিয়োগ করছে তারা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করছে। ছয় থেকে এক বছরের জন্য বিনিয়োগ করছে। এটা বাজারের জন্য ভালো।
“এছাড়া অনেক প্রতিষ্ঠানের ডিভিডেন্ড ঘোষণার সময় হচ্ছে। এ সব কারণেও বাজারে ইতিবাচক প্রভাব পড়ছে।”
