২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুটির পর সূচক বেড়েছে দুই বাজারেই

কোরবানির ঈদ ও সাপ্তাহিক ছুটিতে টানা নয় দিন বন্ধ থাকার পর মূল্য সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছে দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2016, 08:32 PM

Updated : 20 Aug 2022, 01:40 PM

সপ্তাহের প্রথম দিন রোববার বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট বেড়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫৭ দশমিক ২৬ পয়েন্ট।

তবে ঈদের ছুটির আগে শেষ কার্যদিবসের চেয়ে রোববার ডিএসইতে লেনদেনের পরিমাণ কমেছে। সিএসইতে সূচক ও লেনদেন দুটোই বেড়েছে।

রোববার ডিএসইতে ৩১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঈদের আগে শেষ লেনদেনের দিন এই বাজারে ৪৮০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

রোববার ডিএসইতে ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার হাতবদল হয়। এর মধ্যে দর বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২২ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬২৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১১১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে হয়েছে এক হাজার ৭৬৫ পয়েন্ট।

সিএসইতে এদিন ৩৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৫৭ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২১১ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২২৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।