২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসই থেকে রাজস্ব বেড়েছে ২৮%

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে অগাস্ট মাসে সরকারের রাজস্ব আদায় আগের মাসের চেয়ে ২৮ শতাংশ বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2016, 06:39 PM

Updated : 20 Aug 2022, 01:35 PM

রোববার ডিএসইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অগাস্ট মাসে ডিএসই থেকে সরকারের রাজস্ব এসেছে ১০ কোটি ৮৮ লাখ ৩৪ হাজার ৭২২ টাকা, যা এর আগের মাসে ছিল ৮ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ৫১১  টাকা। সেই হিসাবে রাজস্ব আদায় বেড়েছে ২ কোটি ৪০ লাখ ৭০ হাজার ২১১ টাকা।

এ সময়ে সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে রাজস্ব এসেছে ৯ কোটি ৬২ লাখ ৯২ হাজার ৯৫৯ টাকা, যা আগের মাসে ছিল ৬ কোটি ৩৭ লাখ ৩৬ হাজার ১৪৫ টাকা। সেই হিসাবে রাজস্ব বেড়েছে ৩ কোটি ২৫ লাখ ৫৬  হাজার ৮১৪ টাকা।

তবে একই সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় ৮৪ লাখ ৮৬ হাজার ৬০৩ টাকা কমেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচ্য সময়ে উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আদায় হয়েছে ১ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৭৬৩ টাকা, যা আগের মাসে ছিল ২ কোটি ১০ লাখ ২৮ হাজার ৩৬৬ টাকা।