‘ফাইন্যান্সিয়াল লিটারেসি’ বিভাগ খোলার প্রস্তাবে বিএসইসির সায়
ফাইন্যান্সিয়াল লিটারেসি কর্মসূচি ‘সুসংগঠিতভাবে’ পরিচালনার জন্য নতুন বিভাগ চালু করার প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এতে বলা হয়, কমিশন ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম বাস্তবায়নের জন্য বিশেষ গুরুত্ব দিচ্ছে; যাতে এটি সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়। এ জন্য ফাইন্যান্সিয়াল লিটারেসি ডিপার্টমেন্ট খোলার প্রস্তাব অনুমোদন করা হয়।
অর্থনৈতিক ইস্যুতে জনসাধারণের জ্ঞান বাড়াতে গত ২৫ ফেব্রুয়ারি ‘ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম’ নামে এই বিশেষ কর্মসূচি গ্রহণ করে বিএসইসি। এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে দুই স্তর বিশিষ্ট কমিটি গঠন করে সংস্থাটি।
বিনিয়োগকারীদের সক্ষমতা বাড়াতে ও মাঠ পর্যায়ে বিনিয়োগকারী তৈরি করতে ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী এই তিন ধাপে বাস্তবায়নের কথা বলা হয়।
