ইভিন্স টেক্সটাইলের লেনদেন রোববার থেকে
বস্ত্র খাতের কোম্পানি ইভিন্স টেক্সটাইল লিমিটেডের লেনদেন রোববার শুরু হবে।
প্রতিষ্ঠানটি বাংলাদেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।
ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে রোমান হরফে ‘ইএলটি’। আর কোম্পানি কোড হবে ১৭৪৭২।
গত ২৩ জুন কোম্পানিটির আইপিওর লটারিতে বরাদ্দ পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়।
১৯ জুন কোম্পানিটি ডিএসইতে তালিকাভুক্তির অনুমোদন পায়।
আইপিওর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে ইভেন্স টেক্সটাইল। কোম্পানিটিকে অভিহিত মূল্যে তথা ১০ টাকা দরে শেয়ার ইস্যু করার অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।
২০১৫ সালের ডিসেম্বরে শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি শেয়ার প্রতি আয় করেছে ১ টাকা ৬২ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হচ্ছে ১৭ টাকা ৬২ পয়সা।
ইভিন্স টেক্সটাইল ইভিন্স গ্রুপের একটি প্রতিষ্ঠান।
গাজীপুরের জয়দেবপুরে সিরিরচালায় অবস্থিত ইভিন্স টেক্সটাইলের চেয়ারম্যানও আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ।
ডিএসইতে তালিকাভুক্তির পর পুঁজিবাজারে ইভিন্স গ্রুপের দ্বিতীয় কোম্পানি হচ্ছে ইভিন্স টেক্সটাইল।
২০১৩ সালে দেশের দুই পুঁজিবাজার তালিকাভুক্ত হয় ইভিন্স গ্রুপের আরেক প্রতিষ্ঠান আর্গন ডেনিমস লিমিটেড।
