বাজেট প্রস্তাবের পর পুঁজিবাজারে পতন
২০১৬-১৭ অর্থবছরের বাজেট ঘোষণার পরের কার্যদিবসে দেশের দুই পুঁজিবাজারে সূচক পড়েছে।
বাজারের স্থিতিশীলতার জন্য দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে দেওয়া কোনো প্রস্তাবই বাজেটে রাখা হয়নি বলে রোববার সংবাদ সম্মেলনে খেদ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
জাতীয় সংসদে বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত পুঁজিবাজারের জন্য নতুন কোনো প্রণোদনা বা সুযোগ-সুবিধা না রাখলেও বাজার নিয়ে তিনি আশার কথা শুনিয়েছেন।
অর্থমন্ত্রী বলেছেন, “নিয়মমাফিক পরিচালিত পুঁজিবাজারে স্থিতিশীলতা এসেছে। পুঁজিবাজার আর্থিক খাতের একটি স্তম্ভ হিসেবে বিকশিত হবার জন্য প্রস্তুত। আশা করা যায়, ফাটকাবাজির অবসান ও নির্মূলের ফলে বাজারটি এবারে জেগে উঠবে।”
কিন্তু অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবের পরের কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক একচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও কমেছে।
প্রধান পুঁজিবাজার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বৃহস্পতিবারের চেয়ে ২০ দশমিক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪২৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৮৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৪৭ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৩০৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে ১৮৫ কোটি টাকা কম। লেনদেনে অংশ নেয় ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার; দর বেড়েছে ৭১টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির।
আর সিএসইর সার্বিক সূচক সিএএসপিআইও কমেছে ৭৪ দশমিক ৩৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৬১৭ পয়েন্টে নেমেছে। লেনদেন হয়েছে ২১ কোটি ৫৫ লাখ টাকার, যা বৃহস্পতিবার ছিল ৩৯ কোটি টাকা।
লেনদেন হওয়া ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দর বেড়েছে ৫৪টির, কমেছে ১৪১টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টির।
বাজেট নিয়ে খেদ প্রকাশ করে রোববার সংবাদ সম্মেলনে ডিএসই চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান মিয়া তিনি বলেন, “আমরা বাজার উন্নয়নে ডিএসইর পক্ষ থেকে ছয়টি প্রস্তাব সরকারকে দিয়েছিলাম। তবে প্রস্তাবিত বাজেটে তার একটিও আসেনি।
“এখনও সময় আছে বাজেটে আমাদের দাবিগুলো বিবেচনা করার। তাই আমরা দাবি জানাই, অন্ততপক্ষে দুটি দাবি বাজেটে অন্তর্ভুক্ত করা হোক।”
দাবি দুটি হলো- ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী স্টক এক্সচেঞ্জকে পাঁচ বছর শতভাগ কর অব্যাহতি সুবিধা দেওয়া এবং স্টক এক্সচেঞ্জের স্টেক হোল্ডারদের সিকিউরিটিজের লেনদেনের উপর উৎসে কর শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক শূন্য ১৫ শতাংশ করা।
আরেক সংবাদ সম্মেলন থেকে একই দাবি জানিয়েছে সিএসইও।
