২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটে শতভাগ কর ছাড় চায় পুঁজিবাজার

আসছে অর্থবছরের বাজেটে স্টক এক্সচেঞ্জের শতভাগ কর অব্যাহতি সুবিধা রাখার এবং সিকিউরিটিজের লেনদেনের উপর উৎসে করহার কমানোর জোর দাবি জানিয়েছে দেশের দুই পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2016, 04:57 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজার বিষয়ে কোনো সুপারিশ না রাখায় রোববার এক সংবাদ সম্মেলনে খেদ প্রকাশ করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান মিয়া।

আলাদা সংবাদ সম্মেলনে পুঁজিবাজারের চলমান সঙ্কট ও আস্থাহীনতা দূর করতে একই ধরনের নীতি সহায়তার চান চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

লিখিত বক্তব্যে ডিএসই চেয়ারম্যান বলেন, “আমরা বাজার উন্নয়নে ডিএসইর পক্ষ থেকে ছয়টি প্রস্তাব সরকারকে দিয়েছিলাম। তবে প্রস্তাবিত বাজেটে তার একটিও আসেনি। এখনও সময় আছে বাজেটে আমাদের দাবিগুলো বিবেচনা করার। তাই আমরা দাবি জানাই অন্ততপক্ষে দুটি দাবি বাজেটে অন্তর্ভুক্ত করা হোক।”

দাবি দুটি হলো- ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী স্টক এক্সচেঞ্জকে পাঁচ বছর শতভাগ কর অব্যাহতি সুবিধা দেওয়া এবং স্টক এক্সচেঞ্জের স্টেক হোল্ডারদের সিকিউরিটিজের লেনদেনের উপর উৎসে কর শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ থেকে কমিয়ে শূন্য দশমিক শূন্য ১৫ শতাংশ করা।

স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশনের পর ২০১৪-১৫ অর্থবছর থেকে পুঁজিবাজারকে পাঁচ বছরের জন্য ক্রমহ্রাসমান হারে কর অবকাশ সুবিধার ঘোষণা দেয় সরকার।

ঘোষণা অনুযায়ী, পুঁজিবাজারের আয় প্রথম বছরে শতভাগ, দ্বিতীয় বছরে ৮০ শতাংশ, তৃতীয় বছরে ৬০, চতুর্থ বছরে ৪০ ও পঞ্চম বছরে ২০ শতাংশ হারে কর অব্যাহতি পাওয়ার কথা।

তবে ডিএসইর দাবি মেনে চলতি অর্থবছরের জন্যও শতভাগ কর অবকাশ সুবিধা দেয় এনবিআর। সেই সুবিধা আরও তিন বছরের জন্য বাড়ানোর দাবি তুলেছে দেশের প্রধান পুঁজিবাজার কর্তৃপক্ষ।

লিখিত বক্তব্যে পুঁজিবাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থের কথা বিবেচনা করে মার্জিন ঋণ ও সুদ (১০ লাখ টাকা পর্যন্ত) মওকুফজনিত সুবিধার করযোগ্যতা থেকে অব্যাহতি দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান ডিএসইর চেয়ারম্যান।

“এতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা লাভবান হবে।”

পুঁজিবাজারের দীর্ঘমেয়াদী উন্নতির জন্য দেওয়া বিগত সুযোগ-সুবিধাগুলো অব্যাহত রাখায়ও ধন্যবাদ তিনি।

সংবাদ সম্মেলনে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, “আসলে পুঁজিবাজারের কাঠামোগত অনেক সংস্কার হয়েছে, যেগুলো দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনবে।

“তবে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থে ডিএসইর দেওয়া প্রস্তাবনাগুলো বিবেচনা করা উচিতত।”

ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটওয়ারী ও চিফ টেকনোলজি অফিসার (সিটিও) জিয়াউল করিম উপস্থিত এসময় উপস্থিত ছিলেন।

আলাদা সংবাদ সম্মেলনে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, “সরকারের উন্নয়ন প্রকল্পের সঙ্গে পুঁজিবাজার অবিচ্ছেদ্য অংশ। তবে বাজেটে তার কোনো স্পষ্টতা নেই।

“স্বল্প ও দীর্ঘ মেয়াদে প্রণোদনা পেলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। সক্ষম কোম্পানিগুলো বাজারে আসতে আগ্রহী হবে। বাজারে আস্থা বাড়বে। লেনদেনে গতি আসবে।”

সরকারের রূপকল্প বাস্তবায়নে পুঁজিবাজারকে আরও গতিশীল করতে স্বল্প ও মধ্য মেয়াদে স্থিতিশীলতা ও আস্থা প্রতিষ্ঠার জন্য প্রণোদনা, ডিমিউচুয়ালাইজেশন পরবর্তী ৫ বছরের কর সুবিধা প্রদান, উৎসে কর কমানো ও লভ্যাংশের ওপর দ্বৈতকর নীতি পরিহর করার দাবি জানান সাইফুর রহমান।

সংবাদ সম্মেলনে সিএসই চেয়ারম্যান মোহাম্মদ  আব্দুল মজিদ বলেন, “বাজেট এখনও শেষ হয়ে যায়নি। এখনও আমাদের প্রস্তাবগুলো বিবেচনার সুযোগ আছে।

“আমরা আশা করছি. পুঁজিবাজারের স্বার্থে প্রস্তাবগুলো বিবেচনা করা হবে।”