২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরএকে সিরামিক্সের দরে উল্লম্ফন

নতুন টাইলস প্লান্টের বাণিজ্যিক উৎপাদন শুরুর ‘খবরে’ এক লাফেই দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আরএকে সিরামিক্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2016, 09:43 PM

Updated : 11 Oct 2022, 08:15 PM

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানির শেয়ারের দাম ৫ টাকা ৭০ পয়সা বা প্রায় ১০ শতাংশ বেড়েছে।

যেখানে সিরামিক খাতের এই শেয়ারের দর চলতি মাসের ৮ তারিখের পর থেকে প্রতিদিনই কমেছে। আর শেষ তিন কার্যদিবস বাজারে চাঙ্গাভাব থাকলেও কমেছিল ২০১০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির শেয়ার দর।

মঙ্গলবার ডিএসইতে আরএকে সিরামিক্সের শেষ লেনদেন হয় ৫৭ টাকা ৫০ পয়সায়। বুধবার সেই শেয়ারের দর  ৬৩ টাকা ২০ পয়সায় উঠেছে। শতকরা হিসাবে দাম বেড়েছে ৯ দশমিক ৯১ শতাংশ।

এদিন সকালে ডিএসইর ওয়েবসাইটে নতুন টাইলস প্লান্টের বাণিজ্যিক উৎপাদন শুরুর তথ্য প্রকাশ করে আরএকে সিরামিক্স।

Image
নতুন টাইলস প্লান্টের বাণিজ্যিক উৎপাদন শুরুর খবর। ডিএসইর ওয়েবসাইট থেকে নেওয়া স্ক্রিনশট।

নতুন টাইলস প্লান্টের বাণিজ্যিক উৎপাদন শুরুর খবর। ডিএসইর ওয়েবসাইট থেকে নেওয়া স্ক্রিনশট।

খবরে বলা হয়, প্রতিদিন ১০ হাজার বর্গমিটার উৎপাদন ক্ষমতার আরএকে সিরামিক্সের নতুন টাইলস প্লান্টের বাণিজ্যিক উৎপাদন ১৭ মে শুরু হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটির বার্ষিক টার্নওভার ৩০০ কোটি ৮০ লাখ বাড়বে।

সকালে এ খবর আসার পর থেকে শেয়ারটির প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায়। দাম বাড়তে থাকে ‘চড় চড় করে’। শেষ পর্যন্ত তা অব্যাহত থেকে ‘টপটেন গেইনারের’ শীর্ষে উঠে আসে।

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ ৬৩ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়। এদিন সবমিলে এক হাজার ৮৩১ বারে কোম্পানিটির ১৮ লাখ ৮৫ হাজার ১৭৫টি শেয়ার লেনদেন হয়।

বুধবারের গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন। এই শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৪০ শতাংশ।

শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৬০ টাকা ৮০ পয়সা দরে। এদিন সবমিল দুই হাজার ৫০৬ বারে কোম্পানিটির ১৫ লাখ ৭৭ হাজার ৯০৯টি শেয়ার লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ২৪ শতাংশ।

তালিকার শীর্ষ অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিচ হ্যাচারী, ইউনাইটেড ইন্স্যুরেন্স, লাফার্জ সুরমা সিমেন্ট, অলটেক্স, মোজাফফর হোসাইন স্পিনিং মিলস এবং অলিম্পিক এক্সেসরিজ।