তথ্যপ্রযুক্তি খাতের ৪ কোম্পানি মুনাফায়
পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের চার কোম্পানি চলতি বছরের প্রথম তিন মাসে মুনাফায় রয়েছে বলে জানিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিগুলোর ২০১৫-১৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদনে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে বলে দেখানো হয়েছে।
এখাতের ৭টি কোম্পানির মধ্যে চলতি বছরের জানুয়ারি-মার্চ সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পাঁচ কোম্পানি, যার মধ্যে একটি কোম্পানি লোকসান দেখিয়েছে।
আমরা টেকনোলজির এই তিন মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ৬৮৬ শতাংশ বেড়ে ৫৫ পয়সা হয়েছে। তবে নয় মাসে ইপিএস ৪৬ শতাংশ কমে ৮৩ পয়সায় নেমেছে।
তৃতীয় প্রান্তিকে বিডি কম অনলাইনের ইপিএস ১১ শতাংশ বেড়ে ৪২ পয়সা হয়েছে; নয় মাসে ৪ শতাংশ বেড়ে একটাকা ২১ পয়সায় উঠেছে।
ডেফোডিল কম্পিউটারসের ইপিএস ১৬৩ শতাংশ বেড়ে ৪২ পয়সায় উঠেছে; নয় মাসে ১১০ শতাংশ বেড়ে হয়েছে ১ টাকা ২৪ পয়সা।
এই তিন মাসে ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেডের ইপিএস ৫২ শতাংশ বেড়ে ৬ পয়সায় উঠেছে; নয় মাসে ৬১৪ শতাংশ বেড়ে হয়েছে ৫০ পয়সা।
অন্যদিকে অগ্নি সিস্টেমস লিমিটেডের ইপিএস ১০ শতাংশ কমে ২৬ পয়সা হয়েছে; নয় মাসে ২৮ শতাংশ কমে ৬৬ পয়সায় নেমেছে।
অপর দুই কোম্পানি ইনটেক ও আইনএনএসএল লিমিটেড জানুয়ারি-মার্চ সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।
