২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফের দরপতনের ধারায় পুঁজিবাজার

ফের দরপতনের ধারায় ফিরে এসেছে বাংলাদেশের পুঁজিবাজার; প্রতিদিনই কমছে সূচক, সঙ্গে লেনদেনও।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 04:20 PM

Updated : 11 Oct 2022, 08:14 PM

গত ২ মে বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা ঘোষণার পর একদিন তেজিভাব লক্ষ্য করা গেলেও তার ধারাবাহিকতা নেই পুঁজিবাজারে।

ওই দিন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছিল ১০০ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছিল ৩০০ পয়েন্টের বেশি।

পরদিন দুই বাজারেই সূচকের পতন হয়। এরপর সূচকের উত্থান-পতনের খেলা চলেছে পুঁজিবাজারে।

গত সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ডিএসইএক্স ১২ পয়েন্টে কমে দাঁড়ায় ৪৩১৮ পয়েন্টে; সিএসইর সার্বিক সূচক ৩২ পয়েন্ট কমে ১৩২৭৯ পয়েন্টে নেমে যায়।

পর দিন বৃহস্পতিবার ডিএসইএক্স কমে ২০ পয়েন্ট; সিএএসপিআই কমে ৪৭ পয়েন্টের বেশি।

আর রোববার চলতি সপ্তাহের প্রথম দিনে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৩ দশমিক ১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ২৭৫ পয়েন্টে।

ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৫০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬৬০ পয়েন্টে।

লেনদেন ২৫৮ কোটি টাকায় নেমে এসেছে, যা আগের দিনের তুলনায় প্রায় ৫৩ কোটি ২৭ লাখ টাকা কম।

এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির শেয়ারের দর।

অন্যদিকে সিএসইতে ১৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; সিএএসপিআই ৬৬ পয়েন্ট কমে ১৩ হাজার ১৬৬ পয়েন্টে নেমেছে।

লেনদেন হয়েছে ২১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ১৩৯টির  এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।