২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একমি ল্যাবরেটরিজের আইপিওর আবেদন শুরু

একমি ল্যাবরেটরিজের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য আবেদনপত্র জমা নেওয়া সোমবার শুরু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 12:56 PM

Updated : 20 Aug 2022, 12:25 PM

আগ্রহী স্থানীয় ও প্রবাসীরা ২১ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন বলে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি জানিয়েছে।

একমি ল্যাবরেটরিজ আইপিওর মাধ্যমে বুক বিল্ডিং পদ্ধতিতে ৫ কোটি সাধারণ শেয়ার বাজারে ছেড়ে ৪০৯ কোটি ৬০ লাখ টাকার মূলধন সংগ্রহ করবে।

এই অর্থ তিনটি নতুন প্রকল্প বাস্তবায়নে এবং আইপিওর খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।

মোট শেয়ারের মধ্যে ৮৫ টাকা ২০ পয়সা দরে ৫০ শতাংশ বা আড়াই কোটি শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ও ১০ শতাংশ বা ৫০ লাখ শেয়ার মিউচুয়াল ফান্ডগুলোর জন্য রাখা হয়েছে।

বাকি ৪০ শতাংশ বা ২ কোটি শেয়ার ৭৭ টাকা দরে সাধারণ বিনিয়োগকারী, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ও এনআরবিদের জন্য বরাদ্দ আছে।

ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড; নিবন্ধকের দায়িত্বে প্রাইম ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত সভায় আইপিও ছাড়ার অনুমোদন পায় একমি ল্যাবরেটরিজ।