২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরও তথ্য আসছে ডিএসইর ওয়েবসাইটে

তালিকাভুক্ত কোম্পানির স্পন্সর শেয়ারহোল্ডারদের শেয়ার ধারণসহ আরও নতুন তথ্য ওয়েবসাইটে প্রকাশ করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 05:31 PM

Updated : 12 Apr 2022, 01:48 AM

বৃহস্পতিবার ডিএসই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা।

তিনি বলেন, ৩০৮টি কোম্পানির তথ্য আপডেট করা হয়েছে। কোন কোম্পানি কখন ওটিসি মার্কেটে যায়, কখন তালিকাচ্যুত হয় তার তথ্য পাওয়া যাবে।

“কোনো কোম্পানির বিরুদ্ধে জরিমানা করা হলে তার বিবরণও পাওয়া যাবে।”

যে কোনো কোম্পানির প্রোফাইলে গেলেই এসব তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি।

এ ছাড়া ক্রেডিট রেটিং স্ট্যাটাস, লোন স্ট্যাটাস, এক নজরে কোম্পানির প্রোফাইল ও তালিকাভুক্তির সময়ের শেয়ারধারণের তথ্যও যুক্ত করা হয়েছে।

শেয়ারধারী পরিচালকদের তথ্যের বিষয়ে স্বপন কুমার বলেন, “শেয়ারধারী পরিচালকদের সর্বশেষ দুই মাসের শেয়ারধারণের তথ্য ওয়েবসাইটে দেওয়া হবে।

“কোম্পানির প্রতিদিনের পিই রেশিও দেওয়া থাকবে। আর ইপিএসের ক্ষেত্রে প্রান্তিকগুলোর সঙ্গে অর্ধবার্ষিকী ও সমাপ্ত হিসাবও দেওয়া থাকবে।”