আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ইজিএম ১৭ মে
নতুন শেয়ার বাজারে ছেড়ে মূলধন বাড়ানোর বিষয়ে অনুমোদনের জন্য বিশেষ সাধারণ সভা (ইজিএম) ডেকেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।
রাজধানীর পুরানা পল্টনের আল-আরাফাহ্ টাওয়ারে ১৭ মে সকাল ১০টায় ইজিএম অনুষ্ঠিত হবে, যার রেকর্ড ডেট ধরা হয়েছে ২৫ এপ্রিল।
আগের দিন কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে জানানো হয়।
ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইসলামী করপোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টরের (আইসিডি) নামে নতুন শেয়ার ইস্যুর জন্য মূলধন বাড়াবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক।
আইসিডি ১৪ টাকা দরে আল-আরাফাহ্ ব্যাংকের ১১ কোটি ৪ লাখ ৭৮ হাজার ৪৯২টি শেয়ার কিনবে।
২৯ মার্চ এবিষয়ে প্রতিষ্ঠান দুটির মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ব্যাংকটিকে মূলধন বাড়িয়ে নতুন শেয়ার ইস্যুর অনুমোদনের জন্যে ইজিএম করতে হবে।
শেয়ারহোল্ডারদের সম্মতি পাওয়া গেলে বাংলাদেশ ব্যাংক ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে অনুমোদন চেয়ে আবেদন জানানো হবে। এই অনুমোদন পাওয়া গেছে শেয়ার ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।
