২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে আসছে নতুন মিউচুয়াল ফান্ড

নতুন একটি মিউচুয়াল ফান্ড পুঁজিবাজারে ছাড়ার প্রস্তুতি নিয়েছে আর্থিক প্রতিষ্ঠান এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2016, 08:37 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

এটিসি শরিয়াহ ইউনিট ফান্ড নামে বে-মেয়াদি ফান্ডের ট্রাস্টি হিসেবে কাজ করবে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

১০ কোটি টাকার এই ফান্ডের উদ্যোক্তা ও ট্রাস্টি প্রতিষ্ঠানের মধ্যে সোমবার আইসিবির প্রধান কার্যালয়ে চুক্তি (ট্রাস্ট দলিল) স্বাক্ষরিত হয়েছে।

ফান্ডের প্রাথমিক আকার ১০ কোটি টাকা হলেও বে-মেয়াদি হওয়ায় আকার পরে বাড়তে পারে ।

প্রসপেক্টাস অনুমোদন হলে ফান্ডটি গঠন হবে।

এই ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এমরান হাসান জানান, পুঁজিবাজারে এই মিউচুয়াল ফান্ডের তালিকাভুক্তির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে এক সপ্তাহের মধ্যে আবেদন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা প্রসপেক্টাস অনুমোদনের জন্য বিএসইসির কাছে জমা দেব। প্রসপেক্টাস অনুমোদন হলে ফান্ডটি তালিকাভুক্ত হবে।”

দেশের পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত বিনিয়োগ পর্যায়ে শরিয়াহ সম্মত বিনিয়োগ পণ্য ও ইসলামি মিউচুয়াল ফান্ডের যথেষ্ট চাহিদা রয়েছে বলে মনে করেন এমরান।

তিনি বলেন, “বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ব্যবস্থাপনা জনপ্রিয়তা পেলেও পুঁজিবাজারে শরিয়াহসম্মত বিনিয়োগ পণ্য আশানুরূপভাবে বিস্তার লাভ করেনি।”