ড্রাগন সোয়েটারের লেনদেন শুরু
ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং মিলসের শেয়ারের লেনদেন শুরু হয়েছে দেশের দুই পুঁজিবাজারে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা যায়।
বেলা ১২ টা ৫০ মিনিট পর্যন্ত ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ‘এন’ ক্যাটাগরির ড্রাগন সোয়েটার ।
দশ টাকা অবিহিত মূল্যের শেয়ার এদিন সর্বোচ্চ ২২ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়। সর্বশেষ লেনদেন ছিল ১৮ টাকা ৯০ পয়সা।
গত ১৬ মার্চ প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিজয়ীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্টে শেয়ার জমা করেছে প্রতিষ্ঠানটি।
গত ১৬ ফেব্রুয়ারি প্রতিষ্ঠানটির আইপিওর লটারির ড্র হয়। এর আগে ১৭ থেকে ২৬ জানুয়ারি আইপিও আবেদন গ্রহণ করে।
প্রতিষ্ঠানটিকে চার কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৪০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
পুঁজিবাজার থেকে উত্তোলিত টাকায় যন্ত্রপাতি ও খুচরা যন্ত্রাংশ কেনা, ভবন ও স্থাপনা নির্মাণ, চলতি মূলধন এবং আইপিও খাতে ব্যয় করবে ড্রাগন সোয়েটার ।
প্রতিষ্ঠানটির গত পাঁচ বছরের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১.৩৩ টাকা (ওয়েটেড এভারেজ) এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮.৭৯ টাকা।
কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে স্বদেশ ইনভেস্টমেন্ট।
