ব্যাংকের লভ্যাংশ ঘোষণায় দেরি, হতাশা
গতবছর পহেলা মার্চ শেয়ার হোল্ডারদের ১৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল প্রাইম ব্যাংক। এবার লভ্যাংশ ঘোষণা তো দূরে থাক, এ সংক্রান্ত বোর্ড সভাও করেনি ব্যাংকটি।
ইস্টার্ন ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেছিল তার আগেই, ২৬ ফেব্রুয়ারি। এবার ২৪ ফেব্রুয়ারি বোর্ড সভা হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে ওই সভা স্থগিত করা হয়।
এবছর পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৩টি ব্যাংকই ১০ মার্চ পর্যন্ত লভ্যাংশ ঘোষণা করেনি।
গতবার এই সময়ের মধ্যে অন্তত দশটি ব্যাংক লভ্যাংশ দিয়েছিল।
এবছর লভ্যাংশ দেওয়া সাতটি ব্যাংকের চারটি ব্যাংক ডিভিডেন্ডের হার গতবারের সমান রেখেছে। দুটি ব্যাংক গতবারের চেয়ে কিছু বেশি দিলেও একটি ব্যাংকের ঘোষিত লভ্যাংশ গতবারের চেয়েও কম।
লভ্যাংশের অপেক্ষায় থাকা অনেক বিনিয়োগকারী এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন, যাদের একজন ক্ষুদ্র বিনিয়োগাকারী আব্দুল খালেক।
বিনিয়োগকারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “২০১০ সালে পাঁচ লাখ টাকার কয়েকটি ব্যাংকের শেয়ার কিনেছিলাম। এখন বিক্রি করলে ৬৫/৭০ হাজার টাকা হবে। ভেবেছিলাম এবার ব্যাংকগুলো ভাল ডিভিডেন্ড দেবে। ক্ষতি কিছুটা হলেও পোষাবে। এখন মনে হচ্ছে তা আর হল না।”
বাংলাদেশের পুঁজিবাজারে ব্যাংকগুলোর দর একেবারে তলানিতে এসে ঠেকেছে। প্রায় দশটি ব্যাংকের দাম বর্তমানে অভিহিত মূল্যের (দশ টাকা) নিচে।
২০১০ সালে ঊর্ধ্বমুখী বাজারে এক্সিম ব্যাংকের দর বেড়ে প্রায় ১০০ টাকায় উঠেছিল। সর্বশেষ লেনদেন দিবস বৃহস্পতিবার এই শেয়ার বিক্রি হয়েছে মাত্র ৮ টাকা ৪০ পয়সায়।
গত পাঁচ বছরে অন্যান্য খাতের শেয়ারের দর ধীরে ধীরে বেড়ে ‘মোটামুটি’ একটি জায়গায় এলেও ব্যাংকের শেয়ারের দাম বাড়েনি; উল্টো কমেছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে অধ্যাপক ডা. সাদিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংক লভ্যাংশ দিতে দেরি করলে বিনিয়োগকারীদের মধ্যে ভয় দেখা দিতে পারে। তবে ব্যাংকগুলোকে অনেক আইন মেনে তারপর লভ্যাংশ ঘোষণা করতে হয়। সে কারণেই হয়তো দেরি হচ্ছে।”
‘সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে ব্যাংকগুলোর দ্রুত এবং ‘মোটামুটি ভালো’ লভ্যাংশ দেয়া উচিৎ বলে মন্তব্য করেন সাদিকুল ইসলাম।
ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, বর্তমানে পুঁজিবাজারে ব্যাংকের শেয়ারের বাজার মূলধন হচ্ছে ১৫ দশমিক ৪৮ শতাংশ। ২০১০ সালে এই অংশ ছিল দ্বিগুণ, ৩০ শতাংশের বেশি।
বর্তমানে সবচেয়ে বেশি বাজার দখল করে আছে ওষুধ খাত ১৬ শতাংশ।
ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ব্যাংকগুলোর অডিট করে তারপর লভ্যাংশ দিতে হয়। মার্চ এবং এপ্রিলের মধ্যে বেশির ভাগ ব্যাংকের লভ্যাংশ চলে আসবে।
“ব্যাংকে টাকা রাখার চেয়ে ব্যাংকের শেয়ার কেনা এখন বেশি লাভজনক। ব্যাংকে টাকা রাখলে ৭ শতাংশ সুদ পাওয়া যায়। আর ব্যাংকের শেয়ার কিনে রাখলে বছর শেষে তার চেয়ে বেশি লাভ পাওয়া যায়।”
এই হিসাব-নিকাশ করে বিনিয়োগকারীদের ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করা উচিৎ বলে মন্তব্য করেন শাকিল রিজভী।
ডিএসইর তথ্য বিশ্লেষণে দেখা যায়, আগের বছরগুলোতে বেশির ভাগ ব্যাংক মার্চ মাসের মধ্যে শেয়ার হোল্ডারদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করত।
