প্রিমিয়ার সিমেন্টের সম্পদমূল্য বেড়েছে
সম্পদ পুনর্মূল্যায়নের পর পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রিমিয়ার সিমেন্টের শেয়ারপ্রতি সম্পদমূল্য বেড়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
ডিএসইর তথ্য অনুযায়ী, সম্পদ পুনর্মূল্যায়নের ফলে নির্মাণ খাতের এই কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য ২৯ টাকা ৮৫ পয়সা থেকে ৩৬ টাকা ৫১ পয়সায় দাঁড়িয়েছে।
২০১৫ সালের ৩০ জুন প্রিমিয়ার সিমেন্টের রিজার্ভের বুক ভ্যালু ছিল ৩৭৫ কোটি ৬৮ লাখ ৩০ হাজার ২৮৬ টাকা। সম্পদ, প্ল্যান্ট ও আনুষঙ্গিক সম্পদের পুনর্মূল্যায়নের ফলে রিজার্ভের পরিমাণ ৪৯১ কোটি ৩ লাখ ৮৩ হাজার ২৩৭ টাকায় দাঁড়িয়েছে।
সে হিসেবে আগের তুলনায় কোম্পানিটির রিজার্ভ উদ্বৃত্ত বেড়েছে ১১৫ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৯৫১ টাকা।
আগে এই কোম্পানির নিট সম্পদ ছিল ৩১৪ কোটি ৭৩ লাখ ৫৯ হাজার ২৭৩ টাকা, যা পুনর্মল্যায়নের পর ৩৮৪ কোটি ৯৬ লাখ ৫৫ হাজার ৫৪৮ টাকায় দাঁড়িয়েছে।
২০১৩ সালে প্রিমিয়ার সিমেন্ট শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।
