২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপিজিডিসিএলের সঙ্গে ২ বিদ্যুৎকেন্দ্র একীভূত হতে অনুমতি

পুঁজিবাজারের তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের কোম্পানি ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ইউপিজিডিসিএল) সঙ্গে একই খাতের দুই কোম্পানি একীভূত হতে অনুমোদন দিয়েছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2016, 04:00 PM

Updated : 20 Aug 2022, 12:01 PM

ইউপিজিডিসিএলের আবেদনের শুনানি শেষে বুধবার বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের হাই কোর্ট বেঞ্চ অনুমোদন দেয়।

এই আদেশের ফলে ইউপিজিডিসিএলের সঙ্গে ইউনাইটেড আশুগঞ্জ পাওয়ার লিমিটেড (ইউএপিএল) ও শাহজাহানউল্লাহ পাওয়ার জেনারেশন লিমিটেড (এসজিপিএল) একীভূত হবে বলে বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।

২০১৫ সালের সেপ্টেম্বরে এই সহযোগী প্রতিষ্ঠানকে একীভূতকরণে ইউনাইটেড পাওয়ারের পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই বছরের ৩০ নভেম্বর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) ইউনাইটেড পাওয়ারের শেয়ারহোল্ডারা একীভূতকরণের বিষয়টি অনুমোদন দেয়।

শেয়ারহোল্ডারদের অনুমোদন পাওয়ার পর ১৯৯৪ সালের কোম্পানি আইনের ২২৮ ও ২২৯ ধারা অনুযায়ী একীভূতকরণের প্রস্তাব অনুমোদনে উচ্চ আদালতে উপস্থাপন করা হয়।

বর্তমানে ইউপিজিডিসিএলের বিদ্যুৎ উত্পাদনক্ষমতা ১৫৮ মেগাওয়াট। আর অধিগ্রহণ করা দুটি কোম্পানির উত্পাদন ক্ষমতা যথাক্রমে ৫৩ ও ২৮ মেগাওয়াট। এর ফলে অধিগ্রহণের পর ইউনাইটেড পাওয়ারের উত্পাদন ক্ষমতা হবে ২৩৯ মেগাওয়াট।

ইউনাইটেড পাওয়ার নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদন করে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে সরাসরি সরবরাহ করে থাকে।

ঢাকা ও চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে তাদের দুটি পাওয়ার প্লান্ট রয়েছে। ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) ৮৬ মেগাওয়াট ও চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) ৭২ মেগাওয়াটের বিদ্যুৎ উত্পাদন কেন্দ্র রয়েছে।

২০১৪ সালে বুক বিল্ডিং পদ্ধতিতে ইউনাইটেড পাওয়ার ৩ কোটি ৩০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে মোট ২৩৭ কোটি টাকা মূলধন সংগ্রহ করে।

এর মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া হয় ১৪২ কোটি টাকা। আর বাকি অর্থ সংগ্রহ করা হয় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছ থেকে।

২০১৫ সালের ১৯ মার্চ স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়।