২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দুই ফান্ডের শেয়ারের ধাক্কা

টানা পাঁচ দিন সূচক পতনের মধ্যে রয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক ‘এক্সচেঞ্জ’।

ফারহান ফেরদৌস

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2016, 08:45 PM

Updated : 12 Apr 2022, 01:32 AM

এই কয়দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ১১৪ পয়েন্ট, যা মঙ্গলবার দিন শেষে অবস্থান করছিল ৪ হাজার ৪৮৪ পয়েন্টের ঘরে।

বাজার পর্যবেক্ষণে দেখা যায়, এই সূচক সাড়ে তিন মাসের মধ্যে সর্বনিম্ন।

এর আগে এর চেয়ে কম সূচকের দেখা মিলেছিল ২০১৫ সালের ১৬ নভেম্বর; যা ছিল ৪ হাজার ৪৭৫ পয়েন্ট।

কেন পড়ছে এই সূচক- জানতে চাওয়া হয়েছিল বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি মোহাম্মদ এ হাফিজের কাছে।

জবাবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এইমস এবং গ্রামীণ মিউচুয়াল ফান্ডের শেয়ার বিক্রির চাপেই পড়ছে পুঁজিবাজার। নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের ৩০০ কোটি টাকার শেয়ার বিক্রি করতে হবে।”

গত ১৭ ফেব্রুয়ারি এইমস ওয়ান ও গ্রামীণ ওয়ান মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেনে ১৪ দিন সময় বেঁধে দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), যে সময় শেষ হবে ২ মার্চ।

এইমস ওয়ান ফান্ডের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এইমস অব বাংলাদেশের ব্যবস্থাপনার পরিচালক ইয়াওয়ার সায়ীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা প্রতিদিন শেয়ার বিক্রি করছি। কারণ আমাদের সময় বেঁধে দেওয়া হয়েছে। তবে আমরা বুঝেই শেয়ার বিক্রি করছি। কম দামে নয়, কারণ কম দামে করলে আমাদের অন্যান্য মিউচুয়াল ফান্ডের এনএভি কমে যাবে ।”

তিনি আরও বলেন, “আমাদের কাছে সাড়ে তিনশ কোটি টাকার মত শেয়ার ছিল, আমরা আগেও কিছু বিক্রি করেছি। এবার যখন বিক্রি শুরু করলাম তখন প্রায় ২শ কোটি টাকার উপর শেয়ার ছিল।”

পুঁজিবাজারে সূচক পতনের পেছনে মানুষের আস্থাহীনতার কথাও বলেছেন কেউ কেউ।

আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মো. মুনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কিছু কিছু ব্যাংক ভালো লভ্যাংশ দিয়েছে। কিন্তু তাদের শেয়ারের দামও কমছে; এটা স্বাভাবিক না ।”

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি মোহাম্মদ এ হাফিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্যাংকের শেয়ারের উপর মানুষ আস্থা হারিয়েছে তাই এই অবস্থা ।”

ব্রোকারেজ হাউজ ইনভেস্টমেন্ট প্রমোশন সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাক আহমেদ সাদিক বলেন, “প্রাতিষ্ঠনিক বিনিয়োগকারীরা বাজারে নেই বললেই চলে, তাই বাজারে সুচক কমছে।”

অন্যদিকে সূচক সাড়ে চার হাজারের নিচে নেমে গেলে তা বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান বিনিয়োগ কর্মকর্তা এমরান হাসান।

তিনি বলেন, “নভেম্বর থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ৪ হাজার ৭০০ থেকে ৪ হাজার ৫০০ এর মধ্যে ঘুরছে। সূচক সাড়ে ৪ হাজার থেকে পড়ে গেলে সেটা ভয়ের ব্যাপার হতে পারে।”