বিএসআরএমের দর বেড়েছে অস্বাভাবিক
বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের শেয়ারের দর ১৩ কার্যদিবসে ৫৭ শতাংশ বেড়েছে।
অস্বাভাবিক এই দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে সোমাবার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি।
সোমবার ডিএসইর ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
দর বাড়ার কারণ জানতে ডিএসই নোটিসের জবাবে বিএসআরএম জানিয়েছে, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি বিএসআরএমের শেয়ারের দাম ছিল ১১৩ টাকা ৮০ পয়সা। তা বেড়ে ২৮ ফেব্রুয়ারি ১৭৮ টাকা ৩০ পয়সায় উঠেছে।
ধরা যাক, কেউ ৮ তারিখে শেয়ারটি কিনে ২৮ তারিখে বিক্রি করে থাকে তাহলে বার্ষিক হিসেবে তার প্রায় ১৩০০ শতাংশ লাভ হয়েছে।
আর শেয়ারটির এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
