২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্নমুখী প্রবণতায় পুঁজিবাজার, বেড়েছে ঝুঁকি

পরপর দুই সপ্তাহ সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা ধরে রাখলেও নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে গত সপ্তাহ পার করেছে পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2016, 06:59 PM

Updated : 12 Apr 2022, 01:30 AM

সেই সঙ্গে বাজারে ঝুঁকির মাত্রাও ছিল আগের সপ্তাহের তুলনায় বেশি।

এছাড়া বিভিন্ন খাতের বেশ কয়েকটি প্রতিষ্ঠান মোটামুটি ভালো মুনাফা ঘোষণা করলেও বাজারে তার কোনো প্রতিফলন লক্ষ্য করা যায়নি।

বাজার বিশ্লেষণ করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাব (আরআইএল) এ তথ্য দিয়েছে।

প্রতিষ্ঠানটি বলছে, বিনিয়োগকারীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম ছিল; ১২ দশমিক ৩৭ শতাংশ লেনদেন কমার মধ্য দিয়ে তা প্রমাণিত হয়।

আরআইএল তাদের পর্যবেক্ষণে বলেছে, গত সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় গড় বাজার মূলধন কমেছে ০.০৭ শতাংশ; হাওলা কমেছে ১৫.০৫ শতাংশ।

অনেক বিনিয়োগকারী প্রত্যক্ষ বিনিয়োগ ও লেনদেনে অংশগ্রহণ না করে বাজার পর্যবেক্ষণ করেছেন।

পর্যবেক্ষণে দেখা যায়, গত সপ্তাহে বিনিয়োগকারীদের অংশগ্রহণ তুলনামূলকভাবে কম ছিল যা ১২.৩৭% লেনদেন হ্রাসের মাধ্যমে স্পষ্ট হয়েছে।

এছাড়া গত সপ্তাহে তার আগের সপ্তাহের তুলনায় গড় বাজার মূলধন হ্রাস পেয়েছে ০.০৭%, বাজার মূলধন হ্রাসের সাথে হাওলা ১৫.০৫% হ্রাস পেয়েছে।

আরআইএল বলছে, গত সপ্তাহে অনেক বিনিয়োগকারী প্রত্যক্ষ বিনিয়োগ ও লেনদেনে অংশগ্রহণ না করে বাজার পর্যবেক্ষণ করেছেন।

মাপকাঠি

চলতি সপ্তাহ

গত সপ্তাহ

পরিবর্তন

ডিএসসিএক্স সূচক

৪৫৬৭.৫৭

৪৫৮৭.৬৭

-০.৪৪%

গড় বাজার মূলধন (কোটি টাকা)

৩১৭৮৮৬.০৯

৩১৮১০৭.৭২

-০.০৭%

মোট লেনদেন (কোটি টাকা)

১৯৬৮.৪১

২২৪৬.১৬

-১২.৩৭%

মোট পরিমাণ (কোটি টাকা)

৫০.১৫

৫৩.১৯

-৫.৭১%

মোট হাওলা

৪৬৩৭৫৩

৫৪৫৯১৭

-১৫.০৫

মুনাফা-ঝুঁকি অনুপাত

-০.৯৫

১.০৫

-১৯০.২৮%

সূত্র: রিসার্চ অ্যান্ড ইনোভেশন ল্যাব (আরআইএল)

গর্যবেক্ষণে দেখা গেছে, গত সপ্তাহে বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগ থেকে সুবিধা করতে পারেননি, বরং তাদের লোকসানের মুখোমুখি হতে হয়েছে।

গড়ে প্রতি ইউনিট ঝুঁকি গ্রহণের বিপরীতে বিনিয়োগকারীদের লোকসান হয়েছে ০.৯৫। এ চিত্র থেকে বাজারের দুর্বল অবস্থা প্রকাশ পায় বলে জানিয়েছে আরআইএল।

গত সপ্তাহে প্রধান মূল্যসূচক ০.৪৪% (২০.১০ পয়েন্ট) হ্রাস পেয়েছে ও বাজার ঝুঁকির মাত্রা ছিল ০.৪৬%।

বাজারের অ্যাডভান্সড-ডিক্লাইন (এডি) রেশিও ০.৯৪ থেকে ০.৯৩ তে নেমে এসেছে, যা থেকে স্পষ্ট বাজারে নিম্নমুখী প্রবণতা বেশি ছিল।

বাজার নিম্নমুখী থাকলেও মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর বাজার মূলধন মোট বাজার মূলধনের ৩৪.৩৮% থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৪.৪৩%। অর্থাৎ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা বেড়েছে।

খাতভিত্তিক শেয়ার

গত সপ্তাহে পেপার ও প্রিন্টিং (১৭০.৩১) ও জুট (১৬১.৩৭) খাতের ছিল সর্বাধিক পি-ই রেশিও; যা এ দুটি খাতের কোম্পানিগুলোর মুনাফার তুলনায় তাদের শেয়ারের উচ্চ চাহিদাকে নির্দেশ করে।

বিনিয়োগকারীদের জন্যে লক্ষণীয়, গেল সপ্তাহে পাট খাত উচ্চ পি-ই রেশিও দেখালেও এ খাতের শেয়ার মুনাফা দিতে পারেনি, বরং লোকসানের মুখোমুখি করেছে।

এই পর্যবেক্ষণ থেকে আরআইএল বলছে, এ খাতের শেয়ার কেনার ব্যাপারে বিনিয়োগকারীদের উচ্চমাত্রার সাবধানতা অবলম্বন করা উচিত।

উল্লেখযোগ্য শেয়ার

গত সপ্তাহে সাপ্তাহিক মুনাফার দিক থেকে শীর্ষ পাঁচ শেয়ার ছিল লংকাবাংলা ফাইন্যান্স (৩৪%), সোনারগাঁও টেক্সটাইল (২০.৮%), সিনোবাংলা (১৯.২%), তালহা স্পিনিং (১৮ দশমিক ৬%) ও ঢাকা ডায়িং (১৩.১%)।

সর্বনিম্ন পাঁচ শেয়ার- প্রাইম ফাইন্যান্স (১৯.৬%), সামিট পোর্ট (১১.৪%), কে অ্যান্ড কিউই (১১.১%), কাশেম ড্রাইসেল (১০.২%) ও ডাচবাংলা ব্যাংক (৯.৬%)।

দামের ওঠানামায় ঝুঁকির পরিমাপে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ পাঁচ শেয়ার ছিল- ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি (৯৭.১২) গ্ল্যাক্সোস্মিথ (৫৬.১৩), জেমিনি সি (৩৩.৬৪), লিনডি বিডি (৩০.১) ও লিবরা ইনফিউশন (২৫.৭১)।

টাকার পরিমাপে বাজারে মোট লেনদেনের শতাংশ হিসেবে সর্বাধিক লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্স (৬.১২%), বিএসআরএম (৬.০৮%), লাফার্জ সুরফা (৩.৮১%), ইফাদ অটো (৩.৬৩%) এবং ইউপিজিডিসিএল (৩.২৮%)।

অন্যদিকে গত সপ্তাহে মোট লেনদেন হওয়া শেয়ারের সংখ্যার অনুপাতে সর্বোচ্চ শেয়ার লেনদেন হওয়া শীর্ষ পাঁচ কোম্পানি- লংকাবাংলা ফাইন্যান্স, ইউনাইটেড এয়ার, সিএমসি কামাল, ফুওয়াং এবং ওয়ান ব্যাংক লিমিটেড।

মোট বাজার মূলধনের অনুপাতে সর্বোচ্চ মূলধন সৃষ্টিকারী শেয়ার ছিল গ্রামীণফোন, ব্রিটিশ আমেরিকান টোবাকো, স্কয়ার ফার্মা,, লাফার্জ সুরমা সিমেন্ট এবং রেনেটা।

সবচেয়ে বেশী সংখ্যক লেনদেন হয়েছে লংকাবাংলা, লাফার্স সুরমা, ইফাদ অটো, বিএসআরএম ও কাশেম ড্রাইসেল কেম্পানির শেয়ার।

আগামী সপ্তাহের পূর্বাভাস

গেল সপ্তাহ এবং তার আগের কয়েক সপ্তাহের বাজার পরিস্থিতি ও গবেষণার প্রেক্ষিতে আগামী সপ্তাহের বাজার কিছুটা ঝুঁকিপূর্ণ হবে বলে আভাস দিয়েছে আরআইএল।

সেই সঙ্গে সূচকের ওঠানামা গত সপ্তাহের তুলনায় ভিন্নতা থাকতে পারে। গত সপ্তাহের নিম্নমুখী প্রবণতা আগামী সপ্তাহেও কিছুটা চলমান থাকতে পারে।

লভ্যাংশ ঘোষণা

গত সপ্তাহে ব্যাংক খাতের তিনটি (ডাচ-বাংলা, ইউসিবি, ওয়ান ব্যাংক), বিট্রিশ আমেরিকান টোবাকো, লংকাবাংলা ফাইন্যান্সসহ পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২টি কোম্পানি লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিগুলো সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশ দিচ্ছে।

লভ্যাংশ ঘোষণা করা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে-  সিনোবাংলা ইন্ডস্ট্রিজ, হাইডেলবার্গ সিমেন্ট, লিন্ডে বিডি, গ্লাক্সোস্মিথক্লাইন, লংকাবাংলা সিকিউরিটিজ, প্রাইম ইন্স্যুরেন্স ও সামিট অ্যালায়েন্স।