আইপিও ছাড়বে একমি ল্যাবরেটরিজ
একমি ল্যাবরেটরিজ লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার নিয়ন্ত্রক সংস্থার নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটি বুক বিল্ডিং পদ্ধতিতে পাঁচ কোটি সাধারণ শেয়ার ছেড়ে ৪০৯ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করবে।
এর অর্ধেক শেয়ার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য সংরক্ষিত থাকবে। ১০ শতাংশ বা ৫০ লাখ শেয়ার মিউচুয়াল ফান্ডের জন্য সংরক্ষিত থাকবে।
এই ৬০ শতাংশ শেয়ার কাট-অফ মূল্যে ৮৫ টাকা ২০ পয়সায় নিতে হবে। প্রিমিয়াম ৭৫ টাকা ২০ পয়সা।
বাকি ৪০ শতাংশ অর্থাৎ দুই কোটি শেয়ারের জন্য সাধারণ বিনিয়োগকারী, ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারী এবং নন-রেসিডেন্ট বাংলাদেশিরা আবেদন করতে পারবেন।
এই ৪০ শতাংশ শেয়ারের প্রতিটির দাম নির্ধারণ করা হয়েছে ৭৭ টাকা করে, যা কাট-অফ মূল্য থেকে ১০ শতাংশ কম।
বিএসইসি জানিয়েছে, কাট-অফ মূল্য নির্ধারণের বিডিংয়ে নির্দিষ্ট শেয়ার সংখ্যার ৩ দশমিক ৯০ গুণ শেয়ারের আবেদন পড়ে ৮৫ টাকা ২০ পয়সা দরে।
বিএসইসি আরও জানিয়েছে, আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থে একমি ল্যাবরেটরিজ ৩টি নতুন প্রকল্প বাস্তবায়ন ও প্রাথমিক গণপ্রস্তাবের খরচ মেটাবে।
প্রতিষ্ঠানটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং রেজিস্টার টু দি ইস্যুর দায়িত্বে আছে প্রাইম ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
